‘শহীদ ওসমান হাদি হল’ সরিয়ে আবার ‘শেখ মুজিবুর রহমান হল’
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৫ পিএম (ভিজিট : ০)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের প্রধান ফটকে আবারও ‘শেখ মুজিবুর রহমান হল’ নামফলক স্থাপন করা হয়েছে। অথচ হলটির নাম ‘শহীদ ওসমান হাদি হল’ করার প্রস্তাব নিয়ে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ফোরামে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন হল সংসদের সহসভাপতি (ভিপি) মুসলিমুর রহমান।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে প্রধান ফটক থেকে ‘শহীদ ওসমান হাদি হল’ নামফলক সরিয়ে নতুন করে ‘শেখ মুজিবুর রহমান হল’ নামফলক স্থাপন করা হয়।
নামফলক সরানোর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন হল সংসদের বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক আব্দুল্লাহ আল নোমান। সেখানে তিনি হলের নাম নিয়ে শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তির কথা উল্লেখ করেন।
তবে নামফলক পরিবর্তনের বিষয়ে হল সংসদকে জানানো হয়নি বলে জানিয়েছেন ভিপি মুসলিমুর রহমান। তিনি বলেন, হলের নাম পরিবর্তনের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি।
মুসলিমুর রহমান বলেন, ‘জুলাই-পরবর্তী সময়ে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে হলের প্রধান ফটকে শহীদ ওসমান হাদির নাম ব্যবহারের ব্যবস্থা করা হয়েছিল। এ দাবির পক্ষে ৭০০ থেকে ৮০০ শিক্ষার্থীর স্বাক্ষরসংবলিত স্মারকলিপি তৎকালীন উপাচার্যের কাছে দেওয়া হয়েছিল। বিষয়টি এখনো প্রক্রিয়াধীন।’
তিনি আরও বলেন, ‘হলের নাম পরিবর্তনের প্রস্তাব সিনেটে উঠেছিল। তবে চূড়ান্ত সিদ্ধান্ত না নিয়ে অধিকতর বিবেচনার জন্য সিন্ডিকেটে পাঠানো হয়। এখন পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।’
এ বিষয়ে হলের প্রভোস্ট অধ্যাপক আখম আখতারুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মন্তব্য করতে রাজি হননি।
উল্লেখ্য, ২০২৫ সালের ডিসেম্বরে ওসমান হাদি হত্যার পর শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে হলটির নাম পরিবর্তনের দাবি ওঠে। পরে প্রধান ফটকে ‘শহীদ ওসমান হাদি হল’ নামফলক স্থাপন করা হয়। তবে নাম পরিবর্তনের প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার আগেই বুধবার সেই নামফলক সরিয়ে আবার ‘শেখ মুজিবুর রহমান হল’ নামফলক স্থাপন করা হলো।