প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০৭ পিএম আপডেট: ৩০.০৯.২০২৬ ৫:০৮ পিএম (ভিজিট : ১০)

সংগৃহীত ছবি
মার্কিন সামরিক বাহিনীর কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি জেনারেল ও অ্যাডমিরালের জন্য সংরক্ষিত পদের সংখ্যা ২০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছেন।
মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগনের একজন কর্মকর্তা আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছেন। তার মতে, এই পরিবর্তনের ফলে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর নেতৃত্ব সরাসরি প্রভাবিত হবে।
ওই কর্মকর্তা জানান, বুধবার (৩০ সেপ্টেম্বর) ভার্জিনিয়ার মেরিন কর্পস বেস কুয়ান্টিকোতে আয়োজিত এক অনুষ্ঠানে জুনিয়র অফিসার ও তালিকাভুক্ত কর্মকর্তাদের সামনে নিজের ‘স্টেট অব দ্য ফোর্স’ ভাষণ দেওয়ার সময় হেগসেথ এই সিদ্ধান্ত ঘোষণা করার কথা রয়েছে।
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) পেন্টাগন কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, হেগসেথ সব সামরিক বাহিনীকে গত বছর নির্দেশ দেওয়া ১০ শতাংশ হ্রাস দ্বিগুণ করার নির্দেশ দেবেন। এর আওতায় আসছে প্রায় ৮০০টি ফ্ল্যাগ ও জেনারেল অফিসার পদ।
২০২৭ সালের ১ জানুয়ারির মধ্যে এই ২০ শতাংশ মোট হ্রাস সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
ফক্স নিউজ জানিয়েছে, এই নতুন ছাঁটাইয়ের আওতায় যেকোনো এক-তারকা জেনারেল বা তদূর্ধ্ব নৌবাহিনীর সমমর্যাদার অফিসাররা পড়তে পারেন।
ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ইতিমধ্যে বিভিন্ন বরখাস্ত ও পদোন্নতি স্থগিতের ঘটনার পর নতুন এই ছাঁটাইয়ের সিদ্ধান্তে শত শত বর্তমান ও উদীয়মান সামরিক কর্মকর্তার ক্যারিয়ার হুমকির মুখে পড়তে পারে।
২০২৫ সালের জানুয়ারি মাসে বর্তমান প্রশাসন ক্ষমতা নেওয়ার পর থেকেই সামরিক নেতৃত্বের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল দেখা গেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ যৌথভাবে দুই ডজনেরও বেশি সামরিক শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করেছেন অথবা বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছেন। এর মধ্যে গত এপ্রিলে বরখাস্ত হন সেনাবাহিনী প্রধান র্যান্ডি জর্জও।
বর্তমান প্রশাসন চার তারকা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকারী একমাত্র দুই নারীসহ বেশ কয়েকজন শীর্ষ নারী কর্মকর্তাকেও বরখাস্ত করেছে। এছাড়া প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের সঙ্গে বিরোধের জেরে এ মাসেই পদত্যাগ করেন সেনাবাহিনীর সচিব ড্যান ড্রিসকল।
উচ্চ পর্যায়ের এই সামরিক পদগুলো কমানোর পক্ষে যুক্তি দিয়ে হেগসেথ এর আগে বলেছিলেন, সামরিক নেতৃত্বকে আরো গতিশীল ও সুসংহত করতে ‘অপ্রয়োজনীয় কাঠামোগত বাহুল্য’ দূর করা জরুরি। ২০২৫ সালের মে মাসে প্রকাশিত এক মেমোতে তিনি সামরিক বাহিনীকে আমলাতান্ত্রিক জটিলতামুক্ত করার কথা জানিয়েছিলেন। গত বছর এই সময়ে তিনি সামরিক বাহিনীতে ‘ওক’ সংস্কৃতির অবসান এবং শারীরিক ফিটনেসের ক্ষেত্রে কঠোর ‘লিঙ্গ-নিরপেক্ষ’ মান চালুর ঘোষণা দিয়েছিলেন।
রোড আইল্যান্ডের ডেমোক্র্যাট সেন্সর এবং সিনেট আর্মড সার্ভিসেস কমিটির র্যাংকিং মেম্বার জ্যাক রিড এক বিবৃতিতে হেগসেথের এই নতুন পদক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, “জ্যেষ্ঠ নেতৃত্বপদগুলো বিলুপ্ত করার কাজটি অবশ্যই কংগ্রেসের সঙ্গে পরামর্শ করে করা উচিত। তিনি এই আরো যোগ করেন, “এই পরিকল্পিত পদক্ষেপ নিয়ে প্রতিটি আমেরিকানের উদ্বিগ্ন হওয়া উচিত।”
রিড বলেন, “কংগ্রেস প্রতিরক্ষামন্ত্রীকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে জ্যেষ্ঠ কর্মকর্তা অপসারণ এবং পদোন্নতি স্থগিত করার বিষয়ে তাকে অবশ্যই এই কমিটির সঙ্গে পরামর্শ করতে হবে এবং তার যুক্তি ব্যাখ্যা করতে হবে। আজ পর্যন্ত আমরা সন্তোষজনক কোনো উত্তর পাইনি।”
তিনি আরো যোগ করেন, “আমাদের সামরিক বাহিনী বিশ্বজুড়ে বড় ধরনের অভিযান পরিচালনা করছে এবং বাহিনী ইতিমধ্যে চাপের মধ্যে রয়েছে।”
আইনগতভাবে জেনারেল অফিসার পদের সংখ্যা নির্ধারিত থাকলেও, প্রশাসন যদি কংগ্রেসে নতুন পদের জন্য কোনো প্রার্থীর নাম প্রস্তাব না করে, তাহলে পদগুলো ফাঁকা রাখা সম্ভব। এই প্রক্রিয়ার মধ্য দিয়েই হেগসেথ তার কাঙ্ক্ষিত কাটছাঁট বাস্তবায়নের পথে হাঁটছেন।
ডেল্টা টাইমস/সিআর/এফএএইচ