ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০০ পিএম (ভিজিট : ০)

সংগৃহীত ছবি
ভারতের অরুণাচল প্রদেশের চ্যাংলাং জেলায় সশস্ত্র বিদ্রোহীদের হামলায় আসাম রাইফেলসের এক জওয়ান নিহত হয়েছেন। মিয়ানমার সীমান্তের কাছের ওই জেলায় স্থানীয় বিদ্রোহীদের হামলার ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে ২১ আসাম রাইফেলসের জওয়ানরা সীমান্ত বেড়া নির্মাণকাজ চলা একটি এলাকায় টহল দেন। সেই সময় অতর্কিত ওই হামলার ঘটনা ঘটে।
আসাম রাইফেলসের নিহত ওই জওয়ানের নাম হাবিলদার জানখোখাই কুকি (৪২)। আহত জওয়ানদের বর্তমানে একটি সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, এনএসসিএন (কে-ওয়াইএ) উপদলের বিদ্রোহীরা এই হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় কর্মকর্তারা বলেছেন, ওই এলাকায় অবস্থান নেওয়া বিদ্রোহীদের নির্মূল করতে ইতোমধ্যে ব্যাপক অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী।
অরুণাচল প্রদেশের চ্যাংলাং জেলার ওই এলাকায় স্থানীয় বিভিন্ন সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর তৎপরতা ও অবাধ চলাচল রয়েছে। যে কারণে চ্যাংলাং জেলার ভারত-মিয়ানমার সীমান্ত এলাকা বরাবরই বেশ সংবেদনশীল ও উত্তপ্ত।
ডেল্টা টাইমস/সিআর/এফএএইচ