রাষ্ট্রদ্রোহ মামলায় ফের রিমান্ডে সাবেক ওসি রাকিবুল
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১০ পিএম (ভিজিট : ৬)

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার রাষ্ট্রদ্রোহ মামলায় ওই থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য ফের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান রিমান্ডের এ আদেশ দেন।
গত ২৪ সেপ্টেম্বর রাকিবুলের প্রথম দফায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সেই রিমান্ড শেষে আজ তাকে আদালতে হাজির করে ফের তিন দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক মো. জেহাদ হোসেন।
আবেদনে বলা হয়, আসামিকে জিজ্ঞাসাবাদে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তার চার মিনিট ২৯ সেকেন্ডের অডিও সম্প্রচার ডিভিডিতে ধারণ করে জব্দ করা হয়েছে।
মামলাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে অডিওর নমুনা কণ্ঠস্বরের সঙ্গে আসামি রাকিবুল হাসানের তুলনামূলক পরীক্ষা করার জন্য তাকে ফের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহিন রিমান্ড বাতিলসহ জামিনের আবেদন করেন।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
জানা যায়, সাবেক ওসি মো. রাকিবুল হাসান ও এক অজ্ঞাতনামা ব্যক্তির কথোপকথনের একটি অডিও ক্লিপ ফেসবুকে ছড়িয়ে পড়ে। সেখানে রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে বিদ্বেষমূলক ও উসকানিমূলক মন্তব্য করতে শোনা যায়, যা নিয়ে দেশ-বিদেশে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। ঘটনার পরপরই তাকে পদ থেকে অব্যাহতি দিয়ে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়।
পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে ক্যান্টনমেন্ট থানায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাটি দায়ের করা হয়।
ডেল্টা টাইমস/সিআর/এফএএইচ