প্রথমবার মামলা তদন্তের দায়িত্ব পেল এসআরবি
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১২ পিএম (ভিজিট : ০)

র্যাব বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠনের পর প্রথম কোনো মামলার তদন্তভার পেয়েছে সংস্থাটি।
রোববার (২০ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা একটি মামলা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এসআরবিকে।
সিএমএম আদালতের নাজির আবুল হাসান কানন এ তথ্য নিশ্চিত করে জানান, ঢাকার মিরপুরে বাড়ি দখল, মারধর ও চাঁদা দাবির অভিযোগে ৩ আসামির বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে। এসআরবিকে এই মামলা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে মো. মিজানুর রহমান ওরফে বাচ্চু বাদী হয়ে এই মামলার আবেদন করেন। শুনানি নিয়ে আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে এসআরবিকে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, ঢাকার মিরপুর হাউসিং এস্টেটের অন্তর্ভুক্ত জমিতে নির্মিত বহুতল ভবনের মালিক মো. ইউনুস আলী ও রুমা আক্তার স্বপরিবারে কানাডা অবস্থান করছেন। তাদের আপন চাচা মিজানুর রহমান বাংলাদেশে থাকা সকল প্রকার স্থাবর সম্পত্তি দেখাশোনা, রক্ষণাবেক্ষণ ও অন্যান্য সকলপ্রকার দায়দায়িত্ব পালন করে আসছেন। তবে আসামি হেমায়েত উদ্দিন সুমন, মো. নাজমুল হোসেন ও মুন্নী আক্তার মিষ্টি ওই বাড়িতে তাদের অনুপস্থিতির সুযোগ নিয়ে দীর্ঘদিন দখল ও আত্মসাতের চেষ্টায় লিপ্ত আছেন। এরই ধারাবাহিকতায় আসামি হেমায়েতের নেতৃত্বে ২০২৫ সালের ১৬ জুলাই জোরপূর্বক বাড়িতে অনুপ্রবেশ করেন এবং দখল নেওয়ার চেষ্টা করেন।
তখন বাধা দিলে আসামিরা প্রাণনাশের হুমকি দেন। একপর্যায়ে আসামি হেমায়েত বাদী মিজানুরের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদার টাকা দিতে অস্বীকার করলে তারা বাড়িতে প্রবেশ করে ভাংচুর করতে থাকেন এবং দুই লাখ টাকা চুরি করে নিয়ে যান।
ডেল্টা টাইমস/সিআর/এফএএইচ