‘কুখ্যাত সন্ত্রাসী’ এরশাদ শিকদারের সহযোগী গ্রেপ্তার
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২২ পিএম (ভিজিট : ১১)

দীর্ঘ ২৭ বছর আত্মগোপনে থাকা খুলনার ‘কুখ্যাত সন্ত্রাসী’ এরশাদ শিকদারের সহযোগী ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জয়নাল সরকারকে (৫৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
শনিবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে এসআরবি-৬-এর অধিনায়ক নিস্তার আহমেদ তথ্যটি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার জয়নাল সরদার বরিশালের গৌরনদী থানার বংকুরা গ্রামের মৃত আহম্মদ আলী সরদারের ছেলে। রূপসা থানার চাঞ্চল্যকর হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি তিনি।
এসআরবি জানায়, গ্রেপ্তার জয়নাল সরকার খুলনার ‘কুখ্যাত সন্ত্রাসী’ এরশাদ শিকদারের অন্যতম সহযোগী।
১৯৯৯ সালে খুলনার রূপসা থানায় দায়ের করা একটি হত্যা মামলায় আদালত জয়নাল সরকারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে লাশ গুমের অপরাধে পৃথকভাবে আরো ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। ওই মামলায় মোট ৮ জন আসামি ছিলেন।
যার মধ্যে প্রধান ছিলেন এরশাদ শিকদার।
এসআরবি-৬-এর অধিনায়ক নিস্তার আহমেদ জানান, এসআরবি-৬ ও এসআরবি-৮-এর যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে অভিযান চালায়। তারা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানা এলাকা থেকে জয়নাল সরকারকে গ্রেপ্তার করে। আইন অনুযায়ী এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হয়েছে।
ডেল্টা টাইমস/সিআর/এফএএইচ