কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি এবার ক্যারিবীয় দ্বীপপুঞ্জে

স্পোর্টস ডেস্ক:

খেলাধুলা

কানাডার ক্রিকেটের সবচেয়ে পরিচিত ফ্র্যাঞ্চাইজি লিগ এবার সাময়িকভাবে ঠিকানা বদলাচ্ছে। ২০২৬ সালের গ্লোবাল টি-টোয়েন্টি কানাডায় নয়, অনুষ্ঠিত হবে

2026-09-26T19:41:59+06:00
2026-09-26T19:41:59+06:00
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি এবার ক্যারিবীয় দ্বীপপুঞ্জে
স্পোর্টস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪১ পিএম   (ভিজিট : ০)

কানাডার ক্রিকেটের সবচেয়ে পরিচিত ফ্র্যাঞ্চাইজি লিগ এবার সাময়িকভাবে ঠিকানা বদলাচ্ছে। ২০২৬ সালের গ্লোবাল টি-টোয়েন্টি কানাডায় নয়, অনুষ্ঠিত হবে ক্যারিবীয় অঞ্চলের সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডায়। অক্টোবর-নভেম্বরে সেখানে বসবে টুর্নামেন্টটির পঞ্চম আসর। তবে এই স্থানবদল স্থায়ী নয়। এক মৌসুম পর, ২০২৭ সালে আবার কানাডায় ফিরবে গ্লোবাল টি-টোয়েন্টি।

আয়োজকদের কাছে এবারের পরিবর্তন কেবল ভেন্যু বদলের বিষয় নয়। কানাডা ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটীয় সম্পর্ক আরও গভীর করার একটি সুযোগ হিসেবেও দেখা হচ্ছে এটিকে। পাশাপাশি কানাডা ও উত্তর আমেরিকার সম্ভাবনাময় ক্রিকেটারদের ক্যারিবীয় ও আন্তর্জাতিক ক্রিকেটের প্রতিষ্ঠিত তারকাদের সঙ্গে খেলার অভিজ্ঞতা দেওয়াও রয়েছে পরিকল্পনার কেন্দ্রে।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) জানিয়েছে, ২০২৬ সালের আসরে কানাডার উঠতি ক্রিকেটাররা ক্যারিবীয় ও আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞ খেলোয়াড়দের সঙ্গে একই দলে খেলার সুযোগ পাবেন। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদেরও কানাডার ক্রিকেট কাঠামো ও উন্নয়নব্যবস্থা কাছ থেকে দেখার সুযোগ হবে।

সিডব্লিউআইয়ের প্রধান নির্বাহী ক্রিস ডেহরিংয়ের দৃষ্টিতে, এই উদ্যোগ দুই অঞ্চলের ক্রিকেট উন্নয়নে দীর্ঘমেয়াদি সহযোগিতার অংশ। সহযোগী সদস্য দেশগুলোর সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের সম্পর্ক আরও শক্তিশালী করা আঞ্চলিক ক্রিকেটের অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ বলেও মনে করেন তিনি। তার মতে, ২০২৬ সালে ক্যারিবীয় অঞ্চলে গ্লোবাল টি-টোয়েন্টি আয়োজন সেই অংশীদারত্ব এগিয়ে নেওয়ার প্রথম ধাপ।

ক্রিকেট কানাডার সভাপতি অরবিন্দর খোসাও বিষয়টিকে সাময়িক ভেন্যু পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ রাখছেন না। তার ভাষায়, ‘গ্লোবাল টি-টোয়েন্টি মূলত একটি কানাডীয় টুর্নামেন্ট। তবে ২০২৬ সালের আসরের জন্য ক্যারিবীয় অঞ্চল আমাদের বিশেষ ঠিকানা।’

২০১৮ সালে শুরু হয়েছিল গ্লোবাল টি-টোয়েন্টি। এখন পর্যন্ত মাঠে গড়িয়েছে চারটি আসর। কোভিড-১৯ মহামারির কারণে ২০২০, ২০২১ ও ২০২২ সালে টুর্নামেন্ট আয়োজন করা যায়নি। এরপর ২০২৫ সালেও হয়নি কোনো আসর।

এর মধ্যে টুর্নামেন্টের সাংগঠনিক কাঠামোতেও এসেছে পরিবর্তনের উদ্যোগ। গত বছর ক্রিকেট কানাডা ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল) কানাডাকে দীর্ঘমেয়াদি লাইসেন্স দেওয়ার পর গ্লোবাল টি-টোয়েন্টিকে নতুনভাবে সাজানোর প্রক্রিয়া শুরু হয়। তারই ধারাবাহিকতায় ২০২৬ সালের আসরেও দেখা যাবে বেশ কিছু পরিবর্তন।

সবচেয়ে বড় পরিবর্তন দলসংখ্যায়। ছয়টি ফ্র্যাঞ্চাইজির বদলে এবার খেলবে পাঁচটি দল। পাশাপাশি বদলে যাচ্ছে কয়েকটি ফ্র্যাঞ্চাইজির নামও। ফলে নতুন ভেন্যুর পাশাপাশি নতুন কাঠামো নিয়েও ক্যারিবীয় অঞ্চলে যাত্রা শুরু করবে এবারের গ্লোবাল টি-টোয়েন্টি।

সর্বশেষ ২০২৪ সালের আসরে চ্যাম্পিয়ন হয়েছিল টরন্টো ন্যাশনালস। ফাইনালে মন্ট্রিয়ল টাইগার্সকে হারিয়ে শিরোপা জিতেছিল তারা। সেই আসরে বাংলা টাইগার্স মিসিসাগার হয়ে খেলেছিলেন বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও শরিফুল ইসলাম।

ডেল্টা টাইমস/সিআর/এফএএইচ








  এই ক্যাটেগরির আরো সংবাদ