দুটি পৃথক ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ কাউন্টি ক্রিকেটার রবিন দাস। অভিযোগ গঠনের পর তার ক্লাব এসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব তাকে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করেছে।
লন্ডনের মেট্রোপলিটন পুলিশের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো জানায়, ২০২৪ সালের ৩০ মার্চ দক্ষিণ লন্ডনের ব্রিক্সটনে এক নারীকে ধর্ষণের অভিযোগে ২৪ বছর বয়সী এই ক্রিকেটারের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তদন্তের অংশ হিসেবে ২০২৫ সালের ২৭ আগস্ট তাকে গ্রেফতার করা হয়েছিল। দীর্ঘ তদন্ত শেষে গত ২৩ জুলাই তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে দুটি ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়।
২৪ বছর বয়সী দাস অভিযোগ আনার দুই দিন আগে, গেল ২১ জুলাই, এসেক্সের হয়ে চলতি মৌসুমে প্রথম ও এখন পর্যন্ত দলের হয়ে শেষ ম্যাচটি খেলেন।
আইনি প্রক্রিয়া অনুযায়ী, আগামী ৯ অক্টোবর লন্ডনের ইনার লন্ডন ক্রাউন কোর্টে রবিন দাসকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এক বিবৃতিতে এসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব জানিয়েছে, রবিন দাসের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগের বিষয়টি ক্লাব অবগত রয়েছে। যেহেতু এই ঘটনাটি ক্লাবের কর্মকাণ্ডের সম্পূর্ণ বাইরে ঘটেছে, তাই তদন্ত ও আইনি প্রক্রিয়া চলাকালীন তাকে ক্রিকেট থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে এ বিষয়ে সার্বিক যোগাযোগ রাখছে।
মামলাটি বর্তমানে বিচারাধীন থাকায় ক্লাব বা কোনো পক্ষই বিস্তারিত মন্তব্য করতে রাজি নয় বলে যোগ করে ক্লাবটি।
উল্লেখ্য, ডানহাতি এই টপ-অর্ডার ব্যাটারের জন্ম ও বেড়ে ওঠা ইংল্যান্ডে হলেও তার পৈতৃক নিবাস বাংলাদেশের সুনামগঞ্জ জেলায়। ২০২০ সালে এসেক্সের হয়ে পেশাদার ক্রিকেটে অভিষেক হয় তার। এরপর তিনি ২০২৩ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ডমিনেটর্স-এর হয়ে দুটি ম্যাচ খেলেছিলেন।
ডেল্টা টাইমস/সিআর/এফএএইচ