প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫০ পিএম আপডেট: ২৫.০৯.২০২৬ ৭:৫১ পিএম (ভিজিট : ১)

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করলে তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র ও অপতৎপরতার বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা বিএনপি আয়োজিত ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদ’ শীর্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করতে চায়। জনগণের আন্দোলনের মুখে তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। তারা গুম, খুন, নির্যাতন ও নিপীড়ন করেছে। এখন আবার বিভিন্ন কায়দায় দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
তিনি বলেন, তাদের এখনো বোধোদয় হয়নি, কী কারণে পালিয়ে যেতে হয়েছে। তারা একবারও লজ্জিত হয়ে জাতির কাছে ক্ষমা চাচ্ছে না। ষড়যন্ত্র করে বাংলাদেশে আবার রাজনীতি করা যাবে না। জনগণই তাদের প্রতিহত করবে। কারণ বাংলাদেশের জনগণ গণতন্ত্রপ্রিয়।
বিএনপির দীর্ঘদিনের আন্দোলনের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকার দেশকে ধ্বংস করেছে। সেই ধ্বংসস্তূপ থেকে দেশ পরিচালনার দায়িত্ব পালন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনগণ ভোট ও গণতন্ত্রের জন্য আন্দোলন-সংগ্রাম করেছে। জনগণের দাবি ও অধিকার নিয়ে যখনই কেউ ষড়যন্ত্র করেছে, তখনই তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে।
রাজপথে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দীর্ঘ ১৭ বছর জনগণের দাবি নিয়ে রাজপথে আন্দোলন করেছেন। যারা জনগণকে সঙ্গে নিয়ে এই রাজপথে বিশৃঙ্খলা করবে, তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
তিনি আরো বলেন, কোনো অপশক্তি যাতে দেশের ক্ষতি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। একদিকে সাংগঠনিক কার্যক্রম চালানোর পাশাপাশি সরকারকে দেশ পরিচালনায় সহযোগিতা করতে হবে এবং জনগণের উন্নয়নে কাজ করে যেতে হবে।
টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানুর সঞ্চালনায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অমল ব্যানার্জি, সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী শফিকুল রহমান লিটন, সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী ও শফিকুর রহমান খান শফিক, টাঙ্গাইল জেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি আহমেদুল হক শাতিল, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক একেএম মনিরুল হক (ভিপি মনির), জেলা মহিলা বিএনপির সভাপতি নিলুফা ইয়াসমিন, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মনিরুজ্জামান জুয়েল ও জেলা ছাত্রদলের আহ্বায়ক দূর্জয় হোড় শুভসহ দলীয় নেতাকর্মীরা।
ডেল্টা টাইমস/সিআর/এমই