প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৯ এএম (ভিজিট : ৭)

সংগৃহীত ছবি
জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এখন কোনো দূরবর্তী ভবিষ্যৎ সংকট নয় বরং এটি উপকূলীয় ও দ্বীপ অঞ্চলের মানুষের জীবনযাত্রা, জীবিকা এবং সুরক্ষাকে সরাসরি বদলে দিচ্ছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এই সতর্কবার্তা দেন।
জাতিসংঘে অনুষ্ঠিত সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিবিষয়ক উচ্চপর্যায়ের সভার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এই সংকট কেবল পরিবেশগত নয়; এটি সাধারণ মানুষের জীবন, দেশের অর্থনীতি এবং সামগ্রিকভাবে আমাদের গ্রহের ভবিষ্যৎকে কীভাবে প্রভাবিত করছে, তা নিয়ে বৈঠকে নিবিড় আলোচনা হয়েছে।
ড. খলিলুর রহমান তার স্ট্যাটাসে উল্লেখ করেন, বিশ্বের বহু উপকূলীয় ও দ্বীপ সম্প্রদায়ের মানুষ এরই মধ্যে জলবায়ু পরিবর্তনের তীব্র অভিঘাতের মুখোমুখি হচ্ছেন। তারা কোথায় বসবাস করবেন, কীভাবে জীবিকা নির্বাহ করবেন এবং পরবর্তী জলবায়ু বিপর্যয় থেকে নিজেদের কীভাবে রক্ষা করবেন তা আজ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাই বৈশ্বিক পর্যায়ে এই সংকট মোকাবিলায় কেবল দীর্ঘমেয়াদি পরিকল্পনা নয় বরং দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি।
জাতিসংঘের উচ্চপর্যায়ের এই প্ল্যাটফর্ম থেকে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য অর্থায়ন বৃদ্ধি, অভিযোজন ক্ষমতা জোরদার এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা পালনের ওপর আবারও জোর দেওয়া হয়েছে।