প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২৬ পিএম (ভিজিট : ০)

চালকদের দৃষ্টিশক্তি পরীক্ষা করে প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে চশমা দেওয়ার কর্মসূচি শুরু করেছে ভিশনস্প্রিং। বিশ্ব দৃষ্টি দিবস ও জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) উদ্যোগে তিন দিনব্যাপী এ কর্মসূচি নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর সড়ক পরিবহন ও মহাসড়ক ভবনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেল ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিটিসিএর নির্বাহী পরিচালক মোহাম্মদ মশিউর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে হাবিবুর রশীদ বলেন, সড়ক নিরাপত্তার ক্ষেত্রে সাধারণত অবকাঠামো উন্নয়ন, ট্রাফিক নিয়ন্ত্রণ ও আইন প্রয়োগের বিষয়গুলো বেশি গুরুত্ব পায়। তবে নিরাপদ সড়কের জন্য চালকের দৃষ্টিশক্তিও গুরুত্বপূর্ণ। চক্ষু পরীক্ষা ও চশমা দেওয়ার এ উদ্যোগের মাধ্যমে বিষয়টি আরো গুরুত্ব পেয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, আধুনিক ও কার্যকর পরিবহনব্যবস্থা গড়ে তুলতে সড়ক অবকাঠামোর পাশাপাশি চালকদের স্বাস্থ্য, সক্ষমতা ও সচেতনতা নিশ্চিত করা প্রয়োজন।
চালকদের নিয়মিত চোখ পরীক্ষা করা, নিজেদের স্বাস্থ্যের বিষয়ে সচেতন থাকা এবং ট্রাফিক আইন মেনে নিরাপদ গতিতে গাড়ি চালানোর আহ্বান জানান তিনি।
তিন দিনের এ কর্মসূচিতে প্রায় ২০০ চালককে চক্ষুসেবা দেওয়া হবে বলে জানান হাবিবুর রশীদ। পরীক্ষার পর প্রয়োজন অনুযায়ী তাদের বিনামূল্যে চশমা দেওয়া হবে। তার মতে, চালকের ভালো দৃষ্টিশক্তি সড়ক দুর্ঘটনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
পথচারীদের নিরাপত্তার বিষয়েও চালকদের সতর্ক থাকার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, চালকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা শুধু তাদের নিজেদের বিষয় নয়, এটি সরকারের দায়িত্বেরও অংশ। নিরাপদ সড়ক ও আধুনিক পরিবহনব্যবস্থা গড়ে তুলতে সরকার, পরিবহন মালিক, চালকসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক বলেন, চালকদের চোখ পরীক্ষা, রক্তচাপ পরীক্ষা ও ডোপ টেস্টের বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। দীর্ঘ সময় গাড়ি চালানোর পর চালকদের বিশ্রামের সুযোগ দিতে দেশের চারটি জেলায় বিশ্রামাগার তৈরি করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে এগুলো পূর্ণাঙ্গভাবে চালু হবে।
ডিটিসিএর নির্বাহী পরিচালক মোহাম্মদ মশিউর রহমান বলেন, ভিশনস্প্রিংয়ের উদ্যোগটি গুরুত্বপূর্ণ। দৃষ্টিশক্তি কম থাকা কোনো চালক গাড়ি চালালে চালক, যাত্রী ও পথচারী—সবার নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়ে। তাই চালকদের অন্যান্য যোগ্যতার পাশাপাশি ভালো দৃষ্টিশক্তি থাকাও প্রয়োজন।
অনুষ্ঠানে ভিশনস্প্রিংয়ের সহযোগী ব্যবস্থাপক উম্মে সালমা বলেন, প্রতিষ্ঠানটি মূলত প্রান্তিক ও স্বল্পআয়ের মানুষের জন্য কাজ করে। সি-টু-বি-সি কর্মসূচির আওতায় প্রায় আট লাখ চালকের চোখ পরীক্ষা এবং তাদের মধ্যে প্রায় চার লাখ চালককে চশমা দেওয়ার লক্ষ্য রয়েছে।
ভিশনস্প্রিং একটি অলাভজনক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি স্বল্পআয়ের মানুষের কাছে সুলভ মূল্যে চশমা ও দৃষ্টিশক্তি পরীক্ষার সেবা পৌঁছে দেয়।
ডেল্টা টাইমস/সিআর/এফএএইচ