পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জ হাতছাড়া করল বাংলাদেশ

ডেল্টা টাইমস ডেস্ক:

খেলাধুলা

ব্যাটিং ব্যর্থতায় ভারতের কাছে হেরে আগেই সেমিফাইনালে বিদায়ঘণ্টা বেজে যায় বাংলাদেশের। ফাইনালে না উঠতে পারলেও নিগার সুলতানা জ্যোতির

2026-09-22T10:51:24+06:00
2026-09-22T10:51:24+06:00
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জ হাতছাড়া করল বাংলাদেশ
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫১ এএম   (ভিজিট : ৪)

ব্যাটিং ব্যর্থতায় ভারতের কাছে হেরে আগেই সেমিফাইনালে বিদায়ঘণ্টা বেজে যায় বাংলাদেশের। ফাইনালে না উঠতে পারলেও নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তত ব্রোঞ্জ জেতার সুযোগ ছিল। কিন্তু পাকিস্তানের বিপক্ষে সান্ত্বনার জয়টুকু পেল না বাংলাদেশ।

এবারের নারী এশিয়ান গেমস ক্রিকেট যেন চলছে সদ্য সমাপ্ত নারী এশিয়া কাপের চিত্রনাট্য। দুবাইয়ে ভারত সেমিফাইনালে হারিয়েছিল বাংলাদেশকে। আর পাকিস্তান হেরেছিল শ্রীলঙ্কার কাছে। সেই চিত্রনাট্য অনুযায়ী বাংলাদেশ-পাকিস্তান নারী এশিয়ান গেমসে স্ব স্ব ম্যাচে হেরে যাওয়ায় তাদের ফাইনালে ওঠা হয়নি। আজ নিশিনের কোরোগি স্পোর্টস ক্লাবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তানের কাছে জ্যোতির দল হেরে গেল ৩১ রানে।

১৪৬ রানের লক্ষ্যে নেমে ৪.১ ওভারে ৩ উইকেটে ২০ রানে পরিণত হয় বাংলাদেশ। ওপেনার দিলারা আক্তার ৪ বলে ২ চারে ১২ রান করেছেন। টপ অর্ডারের অপর দুই ব্যাটার জুয়াইরিয়া ফেরদৌস (৪) ও সোবহানা মোস্তারি (২) এক অঙ্কের ঘরে রান করে আউট হয়েছেন। চতুর্থ উইকেটে অধিনায়ক জ্যোতি ও শারমিন আক্তার সুপ্তার ৪৭ রান করলেও তাঁরা খেলেছেন ৫৬ বল। ১৪তম ওভারের তৃতীয় বলে জ্যোতিকে (২৫) এলবিডব্লু করে জুটি ভাঙেন আয়েশা জাফর।

একপ্রান্ত আগলে সুপ্তা খেলতে থাকলেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা বাংলাদেশ ১৭.৫ ওভারে ৭ উইকেটে ৯৩ রানে পরিণত হয়। সুপ্তা ৪৫ বলে ৪ চারে ৪৬ রান করে অপরাজিত থাকেন। বাংলাদেশ পুরো ২০ ওভার খেলে ৭ উইকেটে ১১৪ রানে আটকে যায়। পাকিস্তানি স্পিনার উম্মে হানি ৪ ওভারে ১০ রানে ৩ উইকেট নিয়েছেন। এক ওভার মেডেনও দিয়েছেন।

এর আগে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা। দুই ওপেনার শাওয়াল জুলফিকার ও গুল ফিরোজা ৪১ বলে ৪৬ রানের জুটি গড়েন। উদ্বোধনী জুটি ভাঙতেই মুহূর্তে দলটি ১১.৪ ওভারে ৫ উইকেটে ৬৭ রানে পরিণত হয়। অধিনায়ক সানা ও আলিয়া রিয়াজ ষষ্ঠ উইকেটে ৪৩ বলে ৬৭ রানের জুটি গড়েন। স্কোরবোর্ডে পাকিস্তান তোলে ২০ ওভারে ৮ উইকেটে ১৪৫ রান।

পাকিস্তানের ইনিংসে সর্বোচ্চ ৪৫ রান আসে সানার ব্যাটে। ৩০ বলের ইনিংসে তিনটি করে চার ও ছক্কা মারেন তিনি। বাংলাদেশের নাহিদ আক্তার, রিতু মনি, স্বর্ণা আক্তার দুটি করে উইকেট নিয়েছেন। সানজিদা আক্তার মেঘলা পেয়েছেন এক উইকেট।

এশিয়ান গেমস ক্রিকেটে বাংলাদেশের ইতিহাসে সেরা সাফল্য আসে ২০১০ সালে। সেবার আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়ে স্বর্ণপদক জিতেছিল বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। এরপর ২০২৩ সালে বাংলাদেশের ছেলে-মেয়ে উভয় ক্রিকেট দলই পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছিল।

এবার বাংলাদেশের মেয়েরা স্বর্ণপদক জিততে না পারলেও ছেলেদের সেই সুযোগ থাকছে। ২৯ সেপ্টেম্বর লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলবে কোয়ার্টার ফাইনালে। তবে প্রতিপক্ষ নির্ধারিত হবে ‘এ’, ‘বি’ গ্রুপের ম্যাচগুলো শেষে। ‘এ’ গ্রুপে পড়েছে জাপান, আফগানিস্তান ও নেপাল। ‘বি’ গ্রুপে হংকং, ওমানের সঙ্গে রয়েছে মালয়েশিয়া।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ