প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫১ পিএম (ভিজিট : ১৬)

বঙ্গোপসাগরে সৃষ্ট অতি গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়নি। এটি নিম্নচাপ হিসেবেই স্থলভাগে প্রবেশ করেছে। এর প্রভাবে কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত শুরু হয়েছে।
নিম্নচাপের জেরে পূর্ব মেদিনীপুর জেলার দীঘা-সহ উপকূলীয় এলাকা এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার উপকূলবর্তী এলাকায় কমলা সতর্কতা জারি করেছে কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর। সুন্দরবনের উপকূলীয় এলাকাগুলোতে বৃষ্টিপাতের পাশাপাশি প্রবল বাতাসের সতর্কতাও জারি করা হয়েছে।
সুন্দরবনের বিভিন্ন এলাকায় পুলিশ এরই মধ্যে লাউডস্পিকারের মাধ্যমে সতর্কতামূলক ঘোষণা প্রচার শুরু করেছে। উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের প্রয়োজনে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে?
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের উপকূলবর্তী দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
উত্তর ২৪ পরগনার বেশ কিছু এলাকা ছাড়াও পুরুলিয়া, বীরভূম, নদীয়া, পশ্চিম বর্ধমান, হাওড়া ও হুগলিতে বজ্রবিদ্যুৎসহ মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
বিরূপ আবহাওয়ার জেরে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায়ও সতর্কতা জারি করা হয়েছে। আলিপুরদুয়ার, কালিম্পং, দার্জিলিং, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। বিভিন্ন নদীর বাঁধ ও উপকূলীয় অঞ্চলে নজরদারি জোরদার করা হয়েছে। প্রশাসন পুরো পরিস্থিতির ওপর নিবিড়ভাবে নজর রাখছে।
ডেল্টা টাইমস/সিআর/এফএএইচ