প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১:২৯ পিএম (ভিজিট : ৩৭)

‘প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে নানা আয়োজন
প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, খামারিদের উৎসাহিত করা এবং জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে দিনাজপুরের হাকিমপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, হাকিমপুরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয় মিত্র চাকমা। সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মুনতাসীর মামুন।
সভায় প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা, গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, খামারিদের আধুনিক প্রযুক্তির ব্যবহার, পশুর রোগ প্রতিরোধ এবং প্রাণিসম্পদভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির বিভিন্ন দিক তুলে ধরা হয়।
বক্তারা বলেন, দেশের অর্থনীতি, পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও খাদ্য নিরাপত্তায় প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতকে আরও সমৃদ্ধ করতে খামারিদের আধুনিক ও বিজ্ঞানসম্মত পশুপালন পদ্ধতিতে উদ্বুদ্ধ করার পাশাপাশি প্রাণীর স্বাস্থ্যসেবা ও রোগ প্রতিরোধে সচেতনতা বাড়াতে হবে।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ডেল্টা টাইমস/তাছির উদ্দিন বাপ্পি/সিআর/এমই