ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
পণ্য আমদানি ও ডিজিটাল পেমেন্টে সহযোগিতার আহ্বান গভর্নরের
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১৫ পিএম আপডেট: ২২.০৯.২০২৬ ৪:১৯ পিএম (ভিজিট : ১০)

বাংলাদেশ থেকে পণ্য আমদানি বৃদ্ধি করে দ্বিপাক্ষিক বাণিজ্য ভারসাম্য উন্নয়নের জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। একইসঙ্গে বাংলা কিউআরের ব্যবহার সম্প্রসারণ এবং আন্তঃসীমান্ত ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা চালুর ক্ষেত্রে ভারতের অভিজ্ঞতা ও সম্ভাব্য কারিগরি সহযোগিতা গ্রহণে তিনি আগ্রহ প্রকাশ করেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। পরে বাংলাদেশ ব্যাংকের উপ-মুখপাত্র শাহরিয়ার সিদ্দিক বৈঠকের এসব তথ্য নিশ্চিত করেন।
সাক্ষাৎকালে উভয়পক্ষ বাংলাদেশ ও ভারতের বিদ্যমান অর্থনৈতিক, বাণিজ্যিক ও আর্থিক সম্পর্ক আরও সুদৃঢ় এবং জোরদার করার বিষয়ে মতবিনিময় করে।
আলোচনাকালে ভারতের হাইকমিশনার বাংলাদেশে বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করার ওপর গুরুত্বারোপ করেন।
জবাবে গভর্নর জানান, বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে বেশ কিছু বিনিয়োগবান্ধব নীতিগত উদ্যোগ গ্রহণ করেছে। এর ফলে বিদেশি বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগ করা মূলধন ও অর্জিত মুনাফা অত্যন্ত সহজে নিজ দেশে প্রত্যাবাসন করতে পারবেন।
এসময় তিনি বাংলাদেশের প্রযুক্তিনির্ভর, উৎপাদনমুখী ও উদীয়মান শিল্প খাতে অধিক পরিমাণে ভারতীয় বিনিয়োগের আহ্বান জানান।
দ্বিপাক্ষিক এ বৈঠকে ভারতের হাইকমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি হাইকমিশনার পবনকুমার বাধে এবং সেকেন্ড সেক্রেটারি (ইকোনমিক অ্যান্ড কমার্স) গৌরব কুমার আগারওয়াল।
অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের পক্ষে গভর্নরের সঙ্গে বৈঠকে অংশ নেন ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান ও ডেপুটি গভর্নর মো. সরোয়ার হোসেন।
ডেল্টা টাইমস/সিআর/এফএএইচ