প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫০ এএম আপডেট: ২২.০৯.২০২৬ ১১:৫৬ এএম (ভিজিট : ৮)

চুয়েটে সর্বাত্মক শাটডাউন কর্মসূচি শিক্ষার্থীদের
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) শিক্ষার্থীরা এ কর্মসূচি ঘোষণা করেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ আল গালিব বলেন, কি কারণে আমাদের উপাচার্য স্যারকে সরানো হয়েছে আমরা জানি না। আমরা ভিসি স্যারের পুনর্বহাল চাই। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। পরে উপাচার্য ভবনে তালা ঝুলিয়ে দেন তারা।
শিক্ষার্থীরা জানান, হঠাৎ করে উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্ত তারা মেনে নিতে পারছেন না। এ সিদ্ধান্ত প্রত্যাহার করে অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহাল না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। মিছিলে ছাত্রদের পাশাপাশি ছাত্রীরাও অংশ নেন।
শিক্ষার্থীদের আবাসিক হল রাত ৮টার দিকে বন্ধ হয়ে গেলেও উপাচার্য পুনর্বহালের দাবিতে রাত ১১টার দিকে হল থেকে বেরিয়ে এসে অনেক ছাত্রী মিছিলে যোগ দেন। পরে তারা শিক্ষার্থীদের সঙ্গে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্লোগান দেন।
মিছিলটি স্বাধীনতা চত্বর থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবন, ছাত্রী হল ও শিক্ষক আবাসিক এলাকা প্রদক্ষিণ করে। রাত ১২টার দিকে মিছিলটি আবার স্বাধীনতা চত্বরে এসে শেষ হয়। পরে শিক্ষার্থীরা উপাচার্য ভবনের সামনে গিয়ে সেখানে তালা ঝুলিয়ে দেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়োগের প্রতিবাদেই শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন।
ডেল্টা টাইমস/সিআর/এমই