
বাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট), কুমিল্লার ২০২৬ সেশনের স্নাতক (সম্মান) প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) কুমিল্লার আদর্শ সদর উপজেলার সৈয়দপুরে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। একাডেমিক ভবনের পঞ্চম তলায় নির্ধারিত সময় অনুযায়ী বেলা ১১টায় পরীক্ষা শুরু হয়ে ১২টায় শেষ হয়। পরীক্ষায় অংশ নিতে দেশের বিভিন্ন স্থান থেকে আসা শিক্ষার্থী ও অভিভাবকদের পদচারণায় ক্যাম্পাস মুখর হয়ে ওঠে।
ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, বিজনেস এবং বিজ্ঞান ও মানবিক অনুষদের অধীনে মোট ছয়টি প্রোগ্রামে আগ্রহী শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. কামাল উদ্দিন কমল, এনডিসি, পিএসসি, রেজিস্ট্রার লে. কর্নেল খন্দকার মাহমুদ হোসেন, এসপিপি, পিএসসি (অব.) এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন।
পরীক্ষার্থীদের জন্য বাইউস্টের নিজস্ব পরিবহনের ব্যবস্থা ছিল। এর মাধ্যমে তাঁদের কুমিল্লার বিভিন্ন স্থান থেকে ক্যাম্পাসে আনা হয় এবং পরীক্ষা শেষে একইভাবে যথাস্থানে পৌঁছে দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অভিভাবকদের জন্য বসার ও আপ্যায়নের ব্যবস্থা করা হয়। শিক্ষার্থী ও অভিভাবকরা বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি, লাইব্রেরি, ক্যান্টিন, ছাত্র-ছাত্রী হল ও ডাইনিং হল ঘুরে দেখেন।
ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা গেছে, চলতি মাসের ২১ সেপ্টেম্বর ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে প্রকাশ করা হবে। উত্তীর্ণ শিক্ষার্থীরা ২২ থেকে ২৮ সেপ্টেম্বরের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।
ডেল্টা টাইমস/সিআর/এফএএইচ