৯২ শিক্ষার্থীর হাতে অনুদানের চেক, ভাতা বাড়ানোর আশাবাদ মন্ত্রীর

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

বিশেষ চাহিদাসম্পন্ন ও মেধাবী ৯২ জন শিক্ষার্থীর হাতে বিশেষ অনুদানের চেক তুলে দিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং

2026-09-21T19:17:26+06:00
2026-09-21T19:17:26+06:00
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

৯২ শিক্ষার্থীর হাতে অনুদানের চেক, ভাতা বাড়ানোর আশাবাদ মন্ত্রীর
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৭ পিএম   (ভিজিট : ০)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিশেষ চাহিদাসম্পন্ন ও মেধাবী ৯২ জন শিক্ষার্থীর হাতে বিশেষ অনুদানের চেক তুলে দিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। সোমবারর্ (২১ সেপ্টেম্বর) রাজধানীর ইস্কাটনে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত প্রতিবন্ধী ব্যক্তিরা ভাতা বাড়ানোর দাবি জানালে মন্ত্রী তাঁদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন এবং এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশা ব্যক্ত করেন।

প্রতিবন্ধী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, দেশে বর্তমানে ৮৫টি প্রতিবন্ধী স্কুল চালু রয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠার সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। তিনি আরও বলেন, শুধু স্কুল প্রতিষ্ঠাই নয়, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের গুণগত শিক্ষা নিশ্চিত করতে বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের সংখ্যা বাড়ানোর বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী একটি বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চান, যেখানে প্রতিটি নাগরিকের জন্য সমান সুযোগ নিশ্চিত হবে এবং কেউ পিছিয়ে থাকবে না। সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের শুধু সুরক্ষার আওতায় আনছে না, বরং তাঁদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাস্তবমুখী কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে।

মন্ত্রী আরও বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু আছে—এমন পরিবারের অভিভাবকেরা সন্তান লালন-পালনের কারণে অনেক সময় স্বাভাবিক কর্মক্ষেত্রে যুক্ত হতে পারেন না। এসব পিতা-মাতা যাতে ঘরে বসে বা উপযোগী পরিবেশে আয় করতে পারেন এবং কর্মক্ষম থাকতে পারেন, সে বিষয়েও সরকার সক্রিয়ভাবে ভাবছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সমাজকল্যাণ সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ বলেন, বর্তমান সরকারের আমলে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভাতার হার যেমন বেড়েছে, উপকারভোগীর সংখ্যাও তেমনি বেড়েছে। নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট (এনডিডি ট্রাস্ট) থেকে আগে সাড়ে পাঁচ কোটি টাকা বরাদ্দ দেওয়া হতো; বর্তমানে তা বাড়িয়ে এগারো কোটি টাকা করা হয়েছে।

অনুষ্ঠানের শেষে মন্ত্রী উপস্থিত ৯২ জন বিশেষ চাহিদাসম্পন্ন ও মেধাবী শিক্ষার্থীর কাছে গিয়ে বিশেষ অনুদানের চেক হস্তান্তর করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান (দুলাল)। এ ছাড়া পরিষদের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।








  এই ক্যাটেগরির আরো সংবাদ