প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১০ পিএম (ভিজিট : ০)

সংগৃহীত ছবি
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি বলেছেন, দেশব্যাপী উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতায় দিনাজপুর-৬ আসনের চারটি উপজেলায় আর কোনো কাঁচা রাস্তা থাকবে না। পর্যায়ক্রমে কাঁচা রাস্তা পাকা করাসহ সড়ক যোগাযোগ, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও বিভিন্ন অবকাঠামোতে উন্নয়নমূলক কাজ করা হবে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী গত জাতীয় নির্বাচনে যারা বিএনপিকে ভোট দিয়েছেন, তাদের বিএনপির পতাকাতলে এনে দলীয় সদস্যপদ দেওয়ার ব্যবস্থা করতে হবে। এ লক্ষ্যে প্রতিটি ইউনিয়নের বিএনপি নেতা-কর্মীদের অবিলম্বে নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করার নির্দেশ দেন তিনি।
তিনি বলেন, সমর্থকদের দলীয় সদস্যপদ দেওয়ার মাধ্যমে ভোট দিয়ে বিএনপিকে জয়ী করা এবং সরকার গঠনে সহায়তা করার জন্য তাদের প্রতি ভালোবাসা ও সমর্থনের স্বীকৃতি দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান।
মন্ত্রী বিএনপির তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের যথাযথ যাচাই-বাছাইয়ের মাধ্যমে এ উদ্যোগ বাস্তবায়নের আহ্বান জানান।
তিনি বলেন, বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর মাত্র সাত মাস পূর্ণ করেছে। সরকারের দেশব্যাপী উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুর-৬ আসনের চারটি উপজেলায় সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, গির্জা, কবরস্থান ও শ্মশানসহ বিভিন্ন ক্ষেত্রে দৃশ্যমান উন্নয়ন কাজ করা হবে।
মন্ত্রী বলেন, “আমরা গত জাতীয় নির্বাচনের সময় আপনাদের কাছে ভোট চাইতে এসেছিলাম। তখন আপনাদের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো ইনশাআল্লাহ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।”
মাদক নির্মূলের বিষয়ে তিনি বলেন, শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করলেই হবে না। সন্তানদের সঠিক শিক্ষায় শিক্ষিত করে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে প্রতিটি পরিবারকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সন্তানরা যেন মাদকে আসক্ত না হয়, সে বিষয়ে অভিভাবকদের সতর্ক থাকতে হবে।
সামাজিক ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে সমাজ থেকে মাদক নির্মূলে কাজ করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. তারিকুল ইসলাম, জেলা বিএনপির সহসভাপতি মো. আতিকুর রহমান রাজা, সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, উপজেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য মো. মনজুরুল ইসলাম ফাতেহ এবং স্থানীয় বিএনপি নেতা মো. হাবিবুর রহমান ও মো. আশরাফুল কবির উপস্থিত ছিলেন।