প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ২:১৩ পিএম আপডেট: ১৩.০৯.২০২৬ ২:২৩ পিএম (ভিজিট : ৮)

সংগৃহীত ছবি
হরমুজ প্রণালিতে একটি জাহাজে হামলার নতুন খবর পাওয়া গেছে। ব্রিটিশ নৌবাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় একটি জাহাজে কোনো একটি অজ্ঞাতবস্তুর (ক্ষেপণাস্ত্র/ড্রোন) আঘাত হানার খবর তারা পেয়েছে। স্থানীয় সময় রবিবার ভোর পর্যন্ত জাহাজটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং এর নাবিকদের অবস্থা কী, তা জানা যায়নি বলে জানিয়েছে সংস্থাটি।
বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, এর একদিন আগে সৌদি আরব জানিয়েছিল, ড্রোন হামলার কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাদের ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। গত বৃহস্পতিবার ওই পাইপলাইনে একটি ড্রোন হামলা চালানো হয়। ইরাক থেকে ইরান–সমর্থিত সশস্ত্র গোষ্ঠী ওই হামলা চালিয়েছে বলে দাবি করেছে, বাগদাদ ও রিয়াদ। ইরাকে ইরানের সমর্থনপুষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলো সক্রিয় রয়েছে।
ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি বন্ধ থাকায় আরব উপদ্বীপজুড়ে প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ ইস্ট-ওয়েস্ট পাইপলাইনটি গত ছয় মাস ধরে মধ্যপ্রাচ্যের তেলের বৈশ্বিক বাজারে সরবরাহের প্রধান বিকল্প পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এর মাধ্যমে প্রতিদিন ৪০ থেকে ৫০ লাখ ব্যারেল তেল পরিবহন করা হচ্ছিল, যা বৈশ্বিক তেল সরবরাহের প্রায় ৪–৫ শতাংশ। ফলে উপসাগরীয় অঞ্চলের অন্যান্য তেল ও গ্যাস রফতানিকারক দেশগুলো সরবরাহ সংকটে পড়লেও সৌদি আরব তুলনামূলকভাবে বড় ধরনের বিপর্যয় এড়িয়ে যেতে পেরেছে।
পাইপলাইনে হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি। স্যাটেলাইট ছবিতে মদিনার দক্ষিণে পাইপলাইনের একটি এলাকা থেকে কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় কয়েকজন আহত হয়েছেন এবং ক্ষয়ক্ষতি হয়েছে। তবে রফতানিতে এর কী ধরনের প্রভাব পড়েছে, তা জানানো হয়নি।
আয়ারল্যান্ডে নিজের একটি রিসোর্টে আয়োজিত গলফ টুর্নামেন্টে অংশ নিতে যাওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হামলার জন্য সম্ভবত ইরান দায়ী।
ডেল্টা টাইমস/সিআর/এনজিটি