প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪১ পিএম (ভিজিট : ৪)

সংগৃহীত ছবি
হরমুজ প্রণালিতে নৌ-চলাচল স্বাভাবিক করতে সমঝোতায় পৌঁছেছে ইরান ও ওমান। তাদের সেই সমঝোতাকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে আগামী সোমবার (১৪ সেপ্টেম্বর) আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা ওমানের রাজধানী মাসকাটে মিলিত হবেন।
ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’-তে শনিবার প্রকাশিত এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, ‘সোমবার আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা মাসকাটে মিলিত হবেন। হরমুজ প্রণালিতে ওমান ও ইরানের মধ্যে যৌথ নৌপথ চালুর চুক্তি স্বাক্ষর এবং আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থাকে (আইএমও) এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবহিত করাই এই বৈঠকের উদ্দেশ্য।’
তিনি আরো যোগ করেন, ‘যেসব দেশের ভূখণ্ড ব্যবহার করে আমাদের ওপর যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে, তারাও এই বৈঠকে অংশ নেবে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ ও ইরানের ওপর আরোপিত অর্থনৈতিক চাপের বিষয়ে পেজেশকিয়ান বলেন, সামরিকভাবে নিজেদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েই ওয়াশিংটন এখন অর্থনৈতিক পদক্ষেপের পথ বেছে নিয়েছে। তার ভাষায়, ‘তারা যুদ্ধের মাধ্যমে উদ্দেশ্য হাসিল করতে পারেনি, আর সে কারণেই এখন অর্থনৈতিক চাপ সৃষ্টি করছে। কিন্তু আমরা দমে যাব না।’
ইরানের ওপর মার্কিন নৌ-অবরোধ প্রসঙ্গে ইরানি প্রেসিডেন্ট জানান, তার দেশ সমুদ্রপথের ওপর পুরোপুরি নির্ভরশীল নয়।
তিনি বলেন, ‘আমাদের অস্তিত্ব যে কেবল সমুদ্রপথের ওপরই নির্ভর করে আছে, বিষয়টি মোটেও তেমন নয়। এভাবেও তারা নিজেদের উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারবে না।’
এর আগে গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, সোমবার একটি আঞ্চলিক মন্ত্রী পর্যায়ের বৈঠকের আয়োজন করবে ওমান। সেখানে পারস্য উপসাগর সংলগ্ন আটটি দেশ অংশ নেবে। বৈঠকে আঞ্চলিক বিভিন্ন ইস্যুর পাশাপাশি হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের জন্য নিরাপদ পথ নির্ধারণ সংক্রান্ত ইরান-ওমান আলোচনার ফলাফল নিয়ে আলোচনা হবে।
ডেল্টা টাইমস/সিআর/এনজিটি