নদীতে গোসলে নেমে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
নরসিংদী প্রতিনিধি:
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ২:১৮ পিএম (ভিজিট : ৬)

নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে পানিতে ডুবে ৪ জনের নিখোঁজের ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামের নদী থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়।
এর আগে শুক্রবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, গাজীপুর জেলার কালীগঞ্জ থানার ভঙ্গাল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মো. ওবায়দুল্লাহ (৩৮), নরসিংদীর শিবপুর থানার মজনু মিয়ার ছেলে সৌরভ ও কাপাসিয়া থানার ফুলবাড়িয়া গ্রামের মোসা. শান্তা (১৬)। এখনো নিখোঁজ রয়েছেন টাঙ্গাইল জেলার জুয়েলের ছেলে মো. শান্ত (২৪)।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, লাখপুর গ্রামে আত্মীয়ের বাড়িতে ওবায়দুল্লাহ, মোসা. শান্তা ও শান্ত বেড়াতে এসেছিল। শুক্রবার বিকেলে বাড়ির সদস্যদের সঙ্গে তারা শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামেন। এক পর্যায়ে নদীর প্রবল স্রোতে তারা তিনজন পানিতে তলিয়ে যায়। পরে তাদের উদ্ধার করতে গিয়ে সৌরভ ও নদীতে তলিয়ে যায়। স্থানীয়রা নদীতে খুঁজতে নেমেও তাদের কোনো সন্ধান পায়নি। পরে ফায়ার সার্ভিসকে জানালে তারা সাড়ে ৪টায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাড়ে ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে সন্ধান না পাওয়ায় অভিযান সকাল পর্যন্ত স্থগিত করেন।
শনিবার সকালে ভৈরব থেকে ডুবুরি দল এসে শীতলক্ষ্যা নদীতে অভিযান শুরু করে। নদীতে তীব্র স্রোত থাকায় অভিযান চালাতে বেগ পোহাতে হয়। পরে দীর্ঘক্ষণের চেষ্টায় সকাল ৮টায় ঘটনাস্থল থেকে কিছু দূরে সৌরভের মরদেহ উদ্ধার করা হয়। পরে ৯টায় নদী থেকে ওবায়দুল্লাহর মরদেহ উদ্ধার করে। এরপর দুপুর ১২টার দিকে গাজীপুরের কালীগঞ্জে দীঘুয়া গ্রামে একটি মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা। পরে ডুবুরি দল সেখান থেকে মরদেহ উদ্ধার করে নিয়ে এলে পরিবার শান্তার মরদেহ বলে চিহ্নিত করে। এ নিয়ে ৪ জনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শিবপুর ফায়ার সার্ভিসের লিডার ইসলাম খান বলেন, সকালে ডুবুরিরা নদী থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে। পরে ভাসমান অবস্থায় আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়। বাকি একজনকে উদ্ধারেও অভিযান অব্যহত আছে।
ডেল্টা টাইমস/সিআর/এমই