বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছাড়াল

ডেল্টা টাইমস ডেস্ক:

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত আরও তীব্র হয়েছে। জর্ডানে ইরানি হামলায় বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হওয়ার খবরের

2026-09-10T10:54:55+06:00
2026-09-10T10:54:55+06:00
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছাড়াল
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৪ এএম   (ভিজিট : ০)

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত আরও তীব্র হয়েছে। জর্ডানে ইরানি হামলায় বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হওয়ার খবরের মধ্যেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দর দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০১ দশমিক ৩৪ ডলারে পৌঁছেছে। অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৯৬ দশমিক ৫৫ ডলারে লেনদেন হচ্ছে।

বুধবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মানদণ্ড ‘ব্রেন্ট ক্রুড’-এর দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে উঠে যায়। মে মাসের শেষের পর এটিই ছিল সর্বোচ্চ দাম। হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা এবং পাল্টাপাল্টি হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ায় তেলের বাজারে এই ঊর্ধ্বগতি দেখা দিয়েছে।

গোল্ডম্যান স্যাকসের এক বিশ্লেষণে বলা হয়েছে, পরিস্থিতির আরও অবনতি হলে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১২০ ডলারের ওপরেও উঠতে পারে।

মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি না আসার কারণে বিশ্বজুড়ে তেলের মজুত কমে যাওয়ার প্রেক্ষিতে মার্কিন শক্তি তথ্য প্রশাসন (ইআইএ) চলতি ও আগামী বছরের তেলের মূল্যের পূর্বাভাস সংশোধন করে তা বৃদ্ধি করেছে। সংস্থাটি জানায়, তারা এ বছর আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের গড় দাম ব্যারেল প্রতি প্রায় ৯১ ডলার আশা করছে, যা তাদের পূর্ববর্তী অনুমানের চেয়ে প্রায় ৫ শতাংশ বেশি।

একই সঙ্গে চলতি বছরে মার্কিন ডব্লিউটিআই ক্রুডের গড় মূল্য ব্যারেল প্রতি ৮৪ দশমিক ৬৫ ডলারে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে, যা আগের হিসাবের চেয়ে প্রায় ৫ শতাংশ বৃদ্ধি নির্দেশ করে। তবে ইআইএর এই প্রতিবেদনটি মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক চরম উত্তেজনা শুরুর আগে ৩ সেপ্টেম্বর চূড়ান্ত করা হয়েছিল।

জর্ডানে ক্ষতিগ্রস্ত মার্কিন যুদ্ধবিমান

জর্ডানের মুওয়াফফাক সালতি বিমান ঘাঁটিতে ইরানের রাতের হামলায় একাধিক মার্কিন সামরিক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সিবিএস নিউজ।

হামলার বিষয়ে সরাসরি অবগত কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, প্রায় আটটি এফ-১৫ যুদ্ধবিমান সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরে বিমানগুলোকে মেরামত করে আবারও কার্যক্রমে ফিরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে নাম প্রকাশ না করার শর্তে তারা এসব তথ্য জানিয়েছেন, কারণ প্রকাশ্যে এ বিষয়ে কথা বলার অনুমতি তাদের ছিল না।

সূত্রগুলো আরও জানিয়েছে, ‘ওয়ার্থগ’ নামে পরিচিত একটি এ-১০ থান্ডারবোল্ট বিমানও হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বিমানটির একটি ডানা বিচ্ছিন্ন হয়ে গেছে। হামলায় কোনো মার্কিন নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।

এর আগে জর্ডানের সেনাবাহিনী জানিয়েছিল, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ছোড়া ২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে। এর মধ্যে ১৮টি প্রতিহত করা হয়েছে এবং বাকি দুটি জনবসতিহীন এলাকায় পড়ে। এতে কোনো হতাহতের ঘটনাও ঘটেনি বলে জানায় জর্ডান।

৩০টির বেশি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

সিবিএস নিউজের তথ্য অনুযায়ী, ইরানের হামলা প্রতিহত করতে জর্ডানে মোতায়েন মার্কিন বাহিনী ৩০টির বেশি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর আগে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন ধরনের নিখুঁত লক্ষ্যভেদী গোলাবারুদের মজুত দ্রুত কমে যাওয়া নিয়ে মার্কিন কর্মকর্তাদের উদ্বেগের কথা জানিয়েছিল সিবিএস।

ইরানি হামলায় মার্কিন সামরিক বিমান ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনাটি ঘটে যুক্তরাষ্ট্র ইরানের পাঁচটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালানোর কথা জানানোর পর। এর আগে ইরান মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজকে লক্ষ্যবস্তু করেছিল বলে দাবি করে ওয়াশিংটন।

পাল্টা জবাবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, তারা আটটি ট্যাঙ্কার ও দুটি যুদ্ধজাহাজসহ বিভিন্ন মার্কিন স্থাপনায় হামলা চালিয়েছে। জর্ডানের মার্কিন ঘাঁটিও তাদের হামলার লক্ষ্য ছিল বলে দাবি করেছে সংগঠনটি।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ