‘ইয়েমেনের বর্তমান উত্তেজনার জন্য দায়ী সৌদি আরব’
আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪১ পিএম (ভিজিট : ৩)

সংগৃহীত ছবি
ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহী ও সৌদি আরবের মধ্যে সরাসরি সংঘাত সৃষ্টি হয়েছে। হুতিরা সৌদি আরবে হামলা চালিয়েছে। অপরদিকে সৌদি হুতিদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে।
রাজনৈতিক বিশ্লেষক ও হুতিপন্থি সাংবাদিক হুসেইন আল-বুখাইতি মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আলজাজিরাকে বলেছেন, ইয়েমেনে বর্তমান উত্তেজনার জন্য সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট দায়ী। তারা দুই মাস আগে ইয়েমেনের রাজধানী সানার বিমানবন্দরে বোমাবর্ষণ করে এর সূত্রপাত ঘটিয়েছে।
তিনি বলেন, ২০২৩ সালে হুতিদের সঙ্গে সংঘাত বন্ধে একটি রোডম্যাপে সম্মত হয়েছিল সৌদি নেতৃত্বাধীন জোট। কিন্তু তারা এটি বাস্তবায়ন করেনি। এর বদলে দুই মাস আগে সানার বিমানবন্দরে বোমাবর্ষণ করে তারা যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। সৌদির যুদ্ধবিমান যখন সানার বিমানবন্দরের রানওয়েতে হামলা চালায় তখন ইরান থেকে ফেরা হুতি নেতাদের একটি বিমান সেখানে অবতরণ করতে যাচ্ছিল।
“এ কারণে হুতিরা সৌদি আরবকে টার্গেট করা শুরু করে, বিশেষ করে লোহিত সাগর তীরবর্তী অঞ্চলে। তবে হুতিরা হামলার আগেই সৌদিকে সতর্ক করেছিল।”— বলেন আল-বুখাইতি।
তিনি আরও বলেছেন, হুতিরা সৌদি আরবকে অনুরোধ করেছিল, তাদের নিয়ন্ত্রিত অঞ্চল থেকে যেন নৌ-অবরোধ তুলে নেওয়া হয়। এছাড়া রোডম্যাপ বাস্তবায়ন না করলে হামলার হুমকিও দিয়েছিল।”
“সৌদি আরব জবাবে কী করেছে? তারা সানা বিমানবন্দরকে টার্গেট করেছে। এ কারণে বর্তমান উত্তেজনার দায় সৌদি আরবের।”
ডেল্টা টাইমস/সিআর/এনজিটি