রৌমারীতে গুদাম ভেঙে সারের বস্তা লুট
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৮ পিএম (ভিজিট : ২)

সংগৃহীত ছবি
কুড়িগ্রামে আবারও ঘটেছে সারের বস্তা লুটের ঘটনা। ভূরুঙ্গামারীর পর এবার রৌমারীতে গুদাম ভেঙে শতাধিক বস্তা সার নিয়ে গেছেন কৃষকরা। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে বন্দবেড় ইউনিয়নের মেসার্স মিতা হাসান এন্টারপ্রাইজের গুদামে ঘটেছে ঘটনাটি।
কৃষকরা বলেছেন, সকাল ৯টায় তাদের মাঝে সার বিতরণ করার ছিল। নিধারিত সময়ে এসেও সেখানে ডিলারকে পাওয়া যায়নি। দীর্ঘ সময় অপেক্ষা করে একপর্যায়ে গেট ভেঙে সারের বস্তা নিয়ে যান তারা।
একই সময় রৌমারী বাজারের মেসার্স অনুপম ট্রেডার্সের সার বিক্রয়কেন্দ্রেও গেট ভেঙে সার নেওয়ার চেষ্টা করেন কৃষকরা। সেখানে পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুল হাসান বলেছেন, আমন মৌসুমে একসঙ্গে বিপুল কৃষক সার সংগ্রহ করতে আসায় গুদামগুলোতে চাপ পড়েছে। একারণে দীর্ঘ সময় তাদের অপেক্ষা করতে হচ্ছে। আতঙ্কিত না হয়ে নিয়ম মেনে সার সংগ্রহের আহ্বান জানান তিনি।
বিপুল কৃষক নিয়ম মেনে সার না নেওয়ায় এ ধরনের ঘটনা ঘটছে বলে মনে করেন রৌমারী থানার ওসি মো. কাউসার আলী। সকালের ঘটনায় শতাধিক বস্তা লুট হলেও পরে পুলিশ পরিস্থিতি সামলে যথাযতভাবে সার বিতরণের ব্যবস্থা করেছে বলে জানান তিনি।
কিছুদিন আগেই ভূরুঙ্গামারীর শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙা বাজারে ঘটেছে এমন ঘটনা। সেখানে চাহিদামতো সার না পাওয়ার অভিযোগ তুলে মেসার্স শাহ আমানত এন্টারপ্রাইজের গুদাম ভেঙে ২০২ বস্তা ইউরিয়া লুট করেন কৃষকরা। পরে অবশ্য প্রশাসনের উদ্যোগে বেশিরভাগ বস্তা উদ্ধার করা হয়।
ডেল্টা টাইমস/সিআর/এনজিটি