সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের আগে টেকনাফে পাঁচজন উদ্ধার
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫৫ পিএম (ভিজিট : ০)

কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের প্রস্তুতিকালে পাঁচজনকে উদ্ধার করেছে র্যাব। গতকাল রবিবার দিনগত রাত দেড়টার দিকে বাহারছড়া ইউনিয়নের মধ্যম কচ্ছপিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
র্যাব-১৫-এর সহকারী পরিচালক আ ম ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, রাত দেড়টায় টেকনাফের বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্যম কচ্ছপিয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে মানবপাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে পাঁচ ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, চক্রটি আর্থিক মুনাফা লাভ ও শ্রম শোষণের উদ্দেশ্যে ভুক্তভোগীদের নৌকায় করে সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের জন্য ওই স্থানে জড়ো করেছিল।
উদ্ধার করা ভুক্তভোগীদের ও জব্দ করা আলামত পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।