চল্লিশের গণ্ডি পেরিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদার। তবে তাকে দেখলে বয়সের ছাপ বোঝা কঠিন। নিজের জীবনযাপন ও মানসিকতার মাধ্যমেই কীভাবে সুন্দর ও প্রশান্ত থাকা যায়, সেই ভাবনাই এবার ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন এই অভিনেত্রী।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করেন কুসুম। ছবিতে স্নিগ্ধ রূপে ধরা দেন তিনি। সেই পোস্টের সঙ্গে চল্লিশোর্ধ্ব জীবনে সুখী ও সুন্দর থাকার কিছু পরামর্শও দিয়েছেন অভিনেত্রী।
কুসুমের মতে, সুন্দর থাকার পাশাপাশি মানসিক প্রশান্তিও সমান গুরুত্বপূর্ণ। আর এ জন্য প্রয়োজন ইতিবাচক মানসিকতা। কাউকে ঘৃণা না করে ভালোবাসার মাধ্যমে জীবনকে এগিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। একই সঙ্গে নেতিবাচক মানুষ ও চিন্তা থেকে নিজেকে দূরে রাখার কথাও বলেছেন।
নিজের চারটি মন্ত্র তুলে ধরে কুসুম শিকদার লেখেন, ‘চল্লিশ উর্ধ্ব জীবনে খুশি এবং সুন্দর থাকার মূল মন্ত্র হলো- এক, ঘৃণা করা যাবে না, শুধুই ভালোবাসতে হবে। তবে নেতিবাচক শক্তির সঙ্গ পরিত্যাগ করতে হবে, তা না হলে মন কলুষিত হবে।’
দ্বিতীয় পরামর্শে তিনি বলেন, ‘অবমূল্যায়ন বা অসম্মানের সম্ভাবনা যেখানে, না যাওয়াই ভালো সেখানে।’
তৃতীয় মন্ত্র হিসেবে অভিনেত্রী উল্লেখ করেন, ‘মুগ্ধ হওয়ার ক্ষমতা এবং রোজ নতুন কিছু শেখার আগ্রহ রাখতে হবে।’
আর সবশেষে প্রকৃতির কাছাকাছি থাকার পরামর্শ দিয়ে কুসুম লেখেন, ‘প্রায়ই প্রকৃতির কাছে যেতে হবে।’
কুসুমের এই পোস্ট প্রকাশের পরই মন্তব্যের ঘরে প্রশংসায় ভাসিয়েছেন তার অনুরাগীরা। অনেকের মতে, অভিনেত্রীর এই চারটি পরামর্শ শুধু চল্লিশোর্ধ্বদের জন্য নয়; বরং যেকোনো বয়সে সুখী ও মানসিকভাবে সুস্থ থাকার জন্যই হতে পারে কার্যকর দিকনির্দেশনা।
ডেল্টা টাইমস/সিআর/এনজিটি