নন্দিত অভিনেতা সালমান শাহর মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯৬ সালের এই দিনে চিরবিদায় নেন তিনি। সৃষ্টিশীলতা দিয়ে আজও তিনি রয়েছেন সবার মণিকোঠায়। এই গুণীর ৩০তম মৃত্যুবার্ষিকীতে তাঁকে নিয়ে বলেছেন মৌসুমী।
তিনি বলেন, ‘তিন দশক পেরিয়ে গেলেও সেই দিনের কথা মনে পড়লে বুকটা ভার হয়ে আসে। ৩০ বছর আগে আজকের দিনেই এমন একটি সংবাদ শুনতে হয়েছিল, যা কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না–সালমান আর নেই।’
মৌসুমী বলেন, ‘প্রিয় বন্ধুকে হারানোর সেই শোক বুকে নিয়ে সেদিন তাকে বিদায় জানাতে হয়েছিল। সময় অনেক দূর এগিয়েছে, কিন্তু সালমানের স্মৃতি একটুও মলিন হয়নি। সালমান শাহকে ভুলে থাকা আসলে সম্ভব নয়।’
তিনি আরও বলেন, ‘১৯৯৩ থেকে ১৯৯৬–মাত্র চার বছরের অভিনয় জীবন ছিল সালমানের। এত অল্প সময়ে বাংলা চলচ্চিত্রে যে প্রভাব সে তৈরি করে গেছে, তা সত্যিই বিস্ময়কর। অসাধারণ অভিনয় আর নিজস্ব ব্যক্তিত্ব দিয়ে খুব দ্রুত সে জায়গা করে নিয়েছিল অসংখ্য দর্শকের হৃদয়ে।’
মৌমুমীর কথায়, ‘আজও তাই মনে প্রশ্ন জাগে, জীবনের ও ক্যারিয়ারের এত উজ্জ্বল সময়ে কেন সে সবাইকে কাঁদিয়ে চলে গেল?হয়তো প্রশ্নের উত্তর কখনও পাওয়া যাবে না। তাই উত্তর খোঁজার বদলে সালমানের সঙ্গে কাটানো সময়গুলো মনে করতে ভালো লাগে। কল্পনার ভেতর এখনও তার সঙ্গে দেখা হয়, কথা হয়। সালমান ছিল নিজের জায়গায় অনন্য। চলচ্চিত্র যতদিন বেঁচে থাকবে, দর্শকের ভালোবাসায় তিনিও ততদিন বেঁচে থাকবে।’
ডেল্টা টাইমস/সিআর/এনজিটি