বাড্ডায় ফার্নিচারের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৪ ইউনিট
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১০ এএম (ভিজিট : ৪)

রাজধানীর বাড্ডা থানার সাতারকুল এলাকায় একটি ফার্নিচারের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ করছে এবং পূর্বাচল ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টা ৫৫ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয় এবং সকাল ৯টা ১৯ মিনিটে তারা সেখানে পৌঁছান।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাড্ডার সাতারকুল এলাকায় একটি ফার্নিচারের গোডাউনে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের টিম পাঠানো হয়।
বর্তমানে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট সরাসরি আগুন নেভানোর কাজে নিয়োজিত রয়েছে। আগুনের তীব্রতা বিবেচনায় সহায়তা করতে পূর্বাচল ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট দুর্ঘটনাস্থলের উদ্দেশে যাত্রা করেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ডেল্টা টাইমস/সিআর/এমই