প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ১:৩৬ পিএম (ভিজিট : ০)

রাজধানীর আদাবরে পৃথক অভিযান চালিয়ে চাপাতিসহ ছিনতাইকারী চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মো. জুয়েল রানা।
তিনি বলেন, আদাবর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারটি চাপাতিসহ ৬ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে আদাবরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে।
আদাবর থানা পুলিশ জানায়, শেখেরটেক ৭ নম্বর রোডের মাথায় ব্রিজসংলগ্ন প্রেম গলিতে শামসুল মিয়ার রিকশার গ্যারেজে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি চাপাতি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মিরাজুল ইসলাম (২৫), মো. নিহাদ (২০), মো. শেখ বাচ্চু (৩৫), মো. ফরিদুল ইসলাম (১৯) ও মো. তামিম (১৯)। পুলিশের তথ্য অনুযায়ী, মিরাজুল ইসলামের বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে।
আদাবর থানা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিরা আদাবরের শেখেরটেক, বাইতুল আমান হাউজিং ও বেড়িবাঁধ এলাকায় চাপাতির ভয় দেখিয়ে সাধারণ মানুষের টাকা ও মোবাইল ফোন ছিনতাই করতেন। এছাড়া বিভিন্ন বাসাবাড়ির এসির পাইপ ও বৈদ্যুতিক তার চুরি এবং রিকশার গ্যারেজ থেকে রিকশা চুরি করে মুক্তিপণ আদায়ের সঙ্গেও তাদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
অন্যদিকে, সুনিবিড় হাউজিংয়ের আকন্দ গার্মেন্টস গলির পেছনে পৃথক অভিযান চালিয়ে হৃদয় ওরফে ‘টিকটক হৃদয়’ (২৫) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, তার বিরুদ্ধে ১০টি মামলার এজাহারে নাম রয়েছে এবং দুটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তার কাছ থেকেও একটি চাপাতি উদ্ধার করা হয়।
ডেল্টা টাইমস/সিআর/এমই