কক্সবাজার ঘুরে ফেরা হলো না বাড়ি, পথেই প্রাণ গেল দুই বন্ধুর
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪১ পিএম (ভিজিট : ০)

কক্সবাজারের নীল জলরাশি আর পাহাড়ের সৌন্দর্য দেখে মোটরসাইকেলে চাঁদপুরের বাড়িতে ফিরছিলেন দুই বন্ধু। ভ্রমণের আনন্দের রেশ কাটার আগেই লোহাগাড়ায় মিনিট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে থেমে গেল তাদের পথচলা। মর্মান্তিক এ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ফিরোজ আহমেদ তৌহিদ (২০) ও মাহি উদ্দিন (২৫)।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার ঠাকুরদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফিরোজ আহমেদ তৌহিদ চাঁদপুর জেলার কচুয়া থানার সাহাব পাড়া এলাকার মো. মনির হোসেনের ছেলে। অপর নিহত মাহি উদ্দিন একই থানার শাহার পাড়া এলাকার পাটোয়ারী বাড়ির মিজান পাটোয়ারীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে চট্টগ্রামমুখী মোটরসাইকেলটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেলচালক তৌহিদ।
এ সময় গুরুতর আহত অবস্থায় সড়কে পড়ে ছিলেন মাহি উদ্দিন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, তৌহিদ ও মাহি মোটরসাইকেলে করে কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন। ভ্রমণ শেষে চাঁদপুরের বাড়িতে ফেরার পথেই ঠাকুরদিঘী এলাকায় তাদের মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মিনিট্রাকটির সংঘর্ষ হয়।
দুর্ঘটনার পর মিনিট্রাকটি ঘটনাস্থলে রেখে চালক ও হেলপার পালিয়ে যান। খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত মিনিট্রাক ও মোটরসাইকেলটি হেফাজতে নেয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার বলেন, লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় আহত এক যুবককে হাসপাতালে আনা হয়েছিল। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাহ উদ্দিন চৌধুরী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে একজনকে নিহত অবস্থায় পাওয়া যায়। অপরজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। পরে তিনিও মারা যান।
ওসি বলেন, দুর্ঘটনাকবলিত মিনিট্রাক ও মোটরসাইকেল হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডেল্টা টাইমস/সিআর/এমই