ভারতে আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ শিশুসহ নিহত ১১ জন
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৭ এএম (ভিজিট : ০)

ভারতের উত্তরপ্রদেশের কোশাম্বী জেলায় একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে আট শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন, যাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
সোমবার (৩১ আগস্ট) বিকেলে জেলার মনোরি এলাকার একটি আতশবাজি কারখানায় এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে কারখানাটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। আশপাশের কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয় ও ধসে পড়ে।
হিন্দুস্তান টাইমস পত্রিকা জানিয়েছে, নিহত শিশুদের বয়স ছিল চার থেকে তেরো বছরের মধ্যে। পুলিশ কর্মকর্তা সতনারায়ণ প্রজাপত মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন যে বিস্ফোরণে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।
বিস্ফোরণের পর আহতদের উদ্ধার করে প্রয়াগরাজের এসআরএন হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১১ জনের মৃত্যু হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ঘটনার পর পুলিশ, ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দলের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকা পড়ে আছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
বিস্ফোরণের কারণে নিরাপত্তার স্বার্থে দুর্ঘটনাস্থলের কাছ দিয়ে যাওয়া দিল্লি-হাওড়া রেলপথে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। কয়েকটি ট্রেনকে কাছের স্টেশনে থামিয়ে দেওয়া হয়। কারখানাটিতে নিরাপত্তাবিধি যথাযথভাবে মানা হয়েছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।
ডেল্টা টাইমস/সিআর/এমই