হরমুজ সংকটের মধ্যে মোদী-পেজেশকিয়ানের বৈঠক
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৭:১৯ পিএম (ভিজিট : ০)

সংগৃহীত ছবি
কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরুর পর দুই নেতার এটিই প্রথম মুখোমুখি বৈঠক। হরমুজ প্রণালি কার্যত অচল হয়ে থাকা এবং পশ্চিম এশিয়ায় চলমান অস্থিরতার মধ্যে বৈঠকটি বিশেষ গুরুত্ব পেয়েছে।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানায়, বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনার পাশাপাশি বাণিজ্য, অর্থনীতি ও অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
পেজেশকিয়ান বলেন, ইরান যুদ্ধ চায় না। তবে ইরানের ওপর হামলা হলে তার জবাব দেওয়া হবে। তিনি পশ্চিম এশিয়ায় স্থিতিশীলতা এবং দুই দেশের অর্থনীতি ও নিরাপত্তা রক্ষায় যৌথভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন।
অন্যদিকে মোদী পশ্চিম এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতার পাশাপাশি হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দেন।
ভারত ও ইরানের সম্পর্কের ক্ষেত্রে চাবাহার বন্দর, মধ্য এশিয়ার সঙ্গে যোগাযোগ এবং আন্তর্জাতিক উত্তর-দক্ষিণ পরিবহণ করিডর গুরুত্বপূর্ণ। হরমুজ সংকটের মধ্যে এসব কৌশলগত সহযোগিতা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
ডেল্টা টাইমস / আরএফ