প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ১:৪৭ পিএম (ভিজিট : ০)

বিএনপির নাম ব্যবহার করে অনৈতিক ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সারা দেশে দলের নাম ভাঙিয়ে চলা ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, দলের মধ্যে শৃঙ্খলা রক্ষা করাই তার মূল দায়িত্ব। দলের নাম ব্যবহার করে কেউ অনৈতিক কাজে জড়ালে কিংবা দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, বিএনপিকে ঘিরে নানা ষড়যন্ত্র হচ্ছে। তবে হাজারো ষড়যন্ত্র হলেও বিএনপি তা মোকাবিলা করে এগিয়ে যাচ্ছে।
বর্তমান সরকারের কর্মকাণ্ড প্রসঙ্গে রিজভী বলেন, ক্ষমতায় এসে বিএনপি সরকার জনগণের জন্য কাজ করছে। দল ও জনগণের স্বার্থে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। জনগণের মধ্যে তারেক রহমান সরকারের জনপ্রিয়তা অনেক বেড়েছে বলেও দাবি করেন তিনি।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, স্থানীয় নির্বাচনে কারা প্রার্থী হবেন, তা স্থানীয় নেতাকর্মীরাই ঠিক করবেন।
তিনি আরও বলেন, দলের নাম ব্যবহার করে কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড কিংবা শৃঙ্খলাবিরোধী কাজ বরদাশত করা হবে না। দলীয় শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত থাকবে।
ডেল্টা টাইমস/সিআর/এমই