অস্ট্রেলিয়ায় সিরিজ ড্র করাও অনেক বড় অর্জন বাংলাদেশের: সুমন

ডেল্টা টাইমস ডেস্ক:

খেলাধুলা

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হয়েছে ১-১ সমতায়। ডারউইনে ঐতিহাসিক জয়ে সিরিজ শুরুর পর গতকাল ম্যাকাইতে

2026-08-24T13:37:53+06:00
2026-08-24T13:37:53+06:00
সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

অস্ট্রেলিয়ায় সিরিজ ড্র করাও অনেক বড় অর্জন বাংলাদেশের: সুমন
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ১:৩৭ পিএম   (ভিজিট : ০)

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হয়েছে ১-১ সমতায়। ডারউইনে ঐতিহাসিক জয়ে সিরিজ শুরুর পর গতকাল ম্যাকাইতে দ্বিতীয় তথা শেষ টেস্টের দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ। 

শেষটা প্রত্যাশামতো না হলেও অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্টে স্বাগতিক দলের বিপক্ষে জয়কে বাংলাদেশের জন্য বড় অর্জন হিসেবেই দেখছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন।

সিরিজ জয়ের সুযোগ তৈরি করেও শেষ পর্যন্ত তা হাতছাড়া হওয়ায় আক্ষেপ আছে বাশারের, 'প্রত্যাশা তো আসলেই বেশি ছিল। একটা সুযোগ তৈরি করেছিলাম সিরিজ জেতার। কিন্ত অস্ট্রেলিয়া টেস্টের এক নম্বর দল। আমরা জানতাম তারা তাদের সর্বশক্তি নিয়ে এই ম্যাচটা খেলবে এবং অবশ্যই প্র্যাকটিক্যালি ২-০ তে হারানোটা একটু বেশি হয়ে যায়। কিন্তু আমরা আরও বেটার ক্রিকেট খেলতে পারতাম।’

টসের প্রভাবও এবারের সিরিজের শেষ টেস্টে বড় হয়ে দেখা দিয়েছে বলে মনে করেন বাশার, ‘আমরা কিন্তু সুযোগ তৈরি করেছিলাম। আমার মনে হয় যে আমরা সবাই দেখেছি টসটা একটু বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে বলে আমার কাছে মনে হয়েছে। এবারের টসের ওপর তো কারও হাত নেই, আপনি হারতেও পারেন জিততেও পারেন। কিন্তু এত পার্থক্য সবসময় তৈরি করে না। অস্ট্রেলিয়ানদেরও কিন্তু ব্যাটিং করতে কষ্ট হয়েছে। আমরা যদি আগে বোলিং করতাম তাহলে হয়তো ডিফারেন্ট স্টোরি হলেও হতে পারত। কারণ আমার মনে হয় অস্ট্রেলিয়া একটা চান্স নিয়েছিল, যে তারা একদম যে ধরনের উইকেটটা দিয়েছে এই টেস্ট ম্যাচে, এটা কিন্তু যে কারো ম্যাচ হতে পারে।’

অস্ট্রেলিয়ার মতোই বাংলাদেশও এমন কন্ডিশনে খুব বেশি অভ্যস্ত নয় জানিয়ে বাশার আরও বলেন, ‘আমরা অনেক সময় যেমন স্পিনিং ট্র্যাক বানাই, ওরা ওরকমই ফাস্ট ট্র্যাক বানিয়েছে। টসের ভাগ্যটা ওদের পক্ষেই গিয়েছে যেটা ওদের সাহায্য করেছে। কিন্তু আমরা আরও একটু বেটার ব্যাটিং করতে পারতাম। এ ধরনের কন্ডিশনে আমরা ব্যাটিং করে অতটা অভ্যস্ত নই। এমনকি অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদেরও কিন্তু কষ্ট হয়েছে এখানে ব্যাটিং করতে। সব মিলিয়ে আরও একটু ভালো হতে পারত। কিন্তু অস্ট্রেলিয়া এসে সিরিজ ড্র করে যাওয়াটা অনেক বড় অর্জন বাংলাদেশ ক্রিকেটের জন্য।’

টেস্ট র‍্যাঙ্কিংয়ে ছয়ে বাংলাদেশ থাকায় বাশার বললেন, ‘অবশ্যই বিশাল অর্জন। আপনি যদি শুধু আমাদের জন্য না, আপনি যদি পুরো বিশ্বে বাংলাদেশ ক্রিকেট নিয়ে যারা ফলো করেন তাদেরও যদি আপনি ফলো করেন, সবাই কিন্তু এই অ্যাচিভমেন্টকে অনেক উপরের দিকে দেখছে। আমার মনে হয় টেস্ট দল হিসেবে আমি এখনই বলব না যে আমরা একদম খুব ভালো দল হয়ে গিয়েছি। আমার মনে হয় এখন আমাদের অনেক দূর যেতে হবে। বাট আমরা কিন্তু এখন নিজেদের একটা স্টেটমেন্ট দিতে পেরেছি।’

বাশার যোগ করেন, ‘শুধুমাত্র অস্ট্রেলিয়া টেস্ট নয়, আপনি যদি আমাদের আগের টেস্ট ম্যাচগুলো দেখেন পাকিস্তানের সাথে বা তার আগের টেস্টগুলো যদি খেয়াল করে দেখেন আমরা কিন্তু টেস্ট এখন নিয়মিত জিতছি। আপনি যদি স্ট্যাটস দেখেন ২০০০ সাল থেকে এবং এই লাস্ট ২ বছরের পরিসংখ্যান দেখেন, আপনাকে বলতে হবে বাংলাদেশ টেস্ট ক্রিকেট অনেক দূর এগিয়ে গেছে। আমরা এখন খুব ভালো অবস্থায় আছি টেস্ট চ্যাম্পিয়নশিপে। আমাদের সামনের ৫টা টেস্ট ম্যাচ আছে যেটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য। তো দেখা যাক সেটা কী হয়।’

অস্ট্রেলিয়া সফরের আগে বাংলাদেশের লক্ষ্য ছিল দেশে ফেরার সময় সম্মান নিয়ে ফেরা, ‘অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশ যেটা নিয়ে যাচ্ছে, আমরা আসার আগে বলেছিলাম যে আমরা যখন দেশে ফিরে যাই একটা সম্মান নিয়ে যেতে চাই। আমার মনে হয় সেটা নিয়ে আমরা দেশে ফিরতে পারছি।’


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ