অস্ট্রেলিয়ায় আসার জন্য ২৩ বছর অপেক্ষা করতে চান না শান্ত

ডেল্টা টাইমস ডেস্ক:

খেলাধুলা

২০০৩ সালে প্রথমবার অস্ট্রেলিয়া সফর করেছিল বাংলাদেশ। ডারউইন ও কেয়ার্নসে ইনিংস ব্যবধানে হেরেছিল তারা। ‘ছোট দল’ বলে ভারত,

2026-08-23T12:02:26+06:00
2026-08-23T12:02:26+06:00
রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

অস্ট্রেলিয়ায় আসার জন্য ২৩ বছর অপেক্ষা করতে চান না শান্ত
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ১২:০২ পিএম   (ভিজিট : ০)

২০০৩ সালে প্রথমবার অস্ট্রেলিয়া সফর করেছিল বাংলাদেশ। ডারউইন ও কেয়ার্নসে ইনিংস ব্যবধানে হেরেছিল তারা। ‘ছোট দল’ বলে ভারত, ইংল্যান্ড কিংবা দক্ষিণ আফ্রিকার মতো নিয়মিত অস্ট্রেলিয়ায় খেলার সুযোগ হয়নি। অপেক্ষা করতে হয়েছে ২৩ বছর। আর দ্বিতীয়বারের মতো সুযোগ পেয়েই ডারউইনে চমক দেখিয়েছে বাংলাদেশ।

আজ (রোববার) দুই দিনেই শেষ হয়েছে বাংলাদেশের দ্বিতীয় টেস্ট ম্যাচ। ইনিংস ও ৫১ রানে হেরে অসহায় আত্মসমর্পণ করেছে তারা। ম্যাচের পর পুরস্কার বিতরণী মঞ্চে কথা বলতে গিয়ে আবারও অস্ট্রেলিয়ায় আসার তাড়না প্রকাশ করলেন নাজমুল হোসেন শান্ত। একই সঙ্গে দলের ব্যর্থতা নিয়েও নিজের মতামত জানালেন অধিনায়ক। ম্যাকাইয়ের কন্ডিশনকে ব্যাটারদের জন্য কঠিন বললেন তিনি।

শান্ত বললেন, ‘আমরা জানি অস্ট্রেলিয়া কত ভালো দল। তারা তাদের চেহারা দেখিয়েছে। এই টেস্ট ম্যাচে আমরা আমাদের সেরাটা খেলতে পারিনি। এটা ছিল ভিন্ন কন্ডিশন। বাতাসে একটু হালকা বাড়তি বাউন্স ও সুইং ছিল। আমাদের জন্য চ্যালেঞ্জিং ছিল।’

এই সমস্যা কাটিয়ে ওঠার উপায় বলে দিলেন তিনি, ‘দল হিসেবে এগিয়ে যেতে হলে এই ধরনের কন্ডিশন মোকাবেলা করতে হবে আমাদের। আমি মনে করি এই অভিজ্ঞতা আমাদের সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। সব ব্যাটারদের জন্য এটা বেশ কঠিন ছিল। তাদের ব্যাটিংও শরিফুলের কারণে অস্বস্তিতে পড়েছিল। সত্যি কথা বলতে এই কন্ডিশনে ব্যাট করা বেশ কঠিন।’

অস্ট্রেলিয়ায় আবার খেলার বাসনা জানালেন শান্ত, ‘আমাদের নিয়মিত হতে হবে এবং আমি বিশ্বাস করি একই কন্ডিশনে যদি আমরা আরও বেশি সুযোগ পাই এটা আমাদের সাহায্য করবে। আমরা সেটাই চাই। এখানে আসার জন্য ২৩ বছর অপেক্ষা করার দরকার নেই। আমরা যদি প্রায় এখানে আসার সুযোগ পাই আমাদের খেলার উন্নতি হবে।’


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ