বগুড়ার শেরপুরে স্থায়ী সাব রেজিস্ট্রার নিয়োগের দাবিতে দলিল লেখকদের মানববন্ধন

শহিদুল ইসলাম শাওন, শেরপুর (বগুড়া):

সারাদেশ

বগুড়ার শেরপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে স্থায়ী সাব-রেজিস্ট্রার নিয়োগের দাবিতে মানববন্ধন ও কলম বিরতি কর্মসূচি পালন করেছেন দলিল লেখকেরা।

2026-08-20T18:44:04+06:00
2026-08-20T18:44:04+06:00
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩

বগুড়ার শেরপুরে স্থায়ী সাব রেজিস্ট্রার নিয়োগের দাবিতে দলিল লেখকদের মানববন্ধন
শহিদুল ইসলাম শাওন, শেরপুর (বগুড়া):
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৬:৪৪ পিএম   (ভিজিট : ৭)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বগুড়ার শেরপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে স্থায়ী সাব-রেজিস্ট্রার নিয়োগের দাবিতে মানববন্ধন ও কলম বিরতি কর্মসূচি পালন করেছেন দলিল লেখকেরা। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের সামনে বাংলাদেশ দলিল লেখক সমিতি, শেরপুর উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, শেরপুর সাব-রেজিস্ট্রি অফিসে দীর্ঘদিন ধরে নিয়মিত সাব-রেজিস্ট্রার না থাকায় দলিল নিবন্ধন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বর্তমানে সপ্তাহে মাত্র দুই দিন সাব-রেজিস্ট্রার অফিসে দায়িত্ব পালন করেন। ফলে প্রতিদিন গড়ে প্রায় ৮০টি দলিল নিবন্ধন হলেও বিপুলসংখ্যক দলিল অপেক্ষমাণ থেকে যাচ্ছে। এতে দলিলের জট সৃষ্টি হচ্ছে এবং সেবা নিতে আসা সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

তথ্য অনুযায়ী, শেরপুর উপজেলা একটি গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকা। উপজেলার ২৩০টি মৌজায় প্রতিবছর গড়ে ১০ থেকে ১২ হাজার দলিল নিবন্ধিত হয়। জমি-জমা সংক্রান্ত দলিল নিবন্ধনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবার জন্য সাধারণ মানুষকে সাব-রেজিস্ট্রি অফিসের ওপর নির্ভর করতে হয়। কিন্তু দীর্ঘদিন ধরে স্থায়ী সাব-রেজিস্ট্রার না থাকায় সেবাগ্রহীতারা সময়ক্ষেপণ, হয়রানি ও আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।

বর্তমানে ধুনট উপজেলার সাব-রেজিস্ট্রার নাইমা সিদ্দিকা অতিরিক্ত দায়িত্ব হিসেবে সপ্তাহে দুই দিন (বুধবার ও বৃহস্পতিবার) শেরপুর অফিসে এসে সীমিতসংখ্যক দলিল নিবন্ধন করেন। এতে দাতা-গ্রহীতা উভয় পক্ষকেই নানা ধরনের ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা।

তাঁরা আরও বলেন, শেরপুর উপজেলার আয়তন ও জনসংখ্যার তুলনায় সাব-রেজিস্ট্রি অফিসের কার্যক্রম অনেক বড়। প্রতিদিন প্রায় ১৫০ জন সেবাগ্রহীতা বিভিন্ন কাজে অফিসে আসেন। কিন্তু নিয়মিত সাব-রেজিস্ট্রার না থাকায় নির্ধারিত সময়ে সেবা দেওয়া সম্ভব হচ্ছে না।

মানববন্ধনে বক্তারা দ্রুত শেরপুর সাব-রেজিস্ট্রি অফিসে একজন স্থায়ী সাব-রেজিস্ট্রার নিয়োগের দাবি জানান। তাঁদের মতে, স্থায়ী সাব-রেজিস্ট্রার নিয়োগ করা হলে দলিলের জট কমবে এবং সাধারণ মানুষ দ্রুত ও নির্বিঘ্নে সেবা পাবেন।

কর্মসূচিতে বাংলাদেশ দলিল লেখক সমিতি, শেরপুর উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও দলিল লেখকেরা অংশ নেন।

এর আগে, গত ১৯ আগস্ট একই দাবিতে মানববন্ধন করেন জমি ক্রেতা-বিক্রেতারা। তারা অভিযোগ করেন, জমি ক্রয়-বিক্রয়ের পর দলিল নিবন্ধনের জন্য মাসের পর মাস অপেক্ষা করতে হচ্ছে। স্থায়ী কর্মকর্তা না থাকায় প্রয়োজনীয় সেবা সময়মতো পাওয়া যাচ্ছে না এবং দলিল নিবন্ধন প্রক্রিয়া দীর্ঘসূত্রতায় পড়ছে।








  এই ক্যাটেগরির আরো সংবাদ