
সংগৃহীত ছবি
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অভিযান চালিয়ে এক হাজার ৮০২ কার্টুন বিদেশি সিগারেট ও ১৩টি আইফোন জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। শুল্ক-করসহ জব্দ করা এসব পণ্যের মোট মূল্য প্রায় পাঁচ কোটি ৫৩ লাখ ৭০ হাজার টাকা।
সিআইআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহাপরিচালকের কাছে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার সকাল ৮টা ১৮ মিনিটে দুবাই থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটের যাত্রী ও তাঁদের ব্যাগেজে বিশেষ নজরদারি চালানো হয়।
অভিযানে যাত্রী মো. মঈনুল আবদিনের কাছ থেকে প্লাটিনাম ও মন্ড ব্র্যান্ডের মোট ২৬৪ কার্টুন সিগারেট এবং চারটি আইফোন জব্দ করা হয়। একই ফ্লাইটের যাত্রী আবদুল মান্নানের কাছ থেকে জব্দ করা হয় ২৪৬ কার্টুন সিগারেট ও চারটি আইফোন। এ ছাড়া নুরুল আলম রিয়াদের কাছ থেকে উদ্ধার করা হয় ২৭২ কার্টুন সিগারেট ও পাঁচটি আইফোন।
পরে বিমানবন্দরের ২ নম্বর ব্যাগেজ বেল্টে একই ফ্লাইটে আসা মালিকানাবিহীন একটি ব্যাগেজ থেকে প্লাটিনাম ব্র্যান্ডের আরও এক হাজার ২০ কার্টুন বিদেশি সিগারেট জব্দ করা হয়। সব মিলিয়ে একটিমাত্র ফ্লাইট থেকে মোট এক হাজার ৮০২ কার্টুন সিগারেট ও ১৩টি আইফোন জব্দ করা হয়।
সিআইআইডি জানায়, একই ফ্লাইটের একাধিক যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ সিগারেট ও আইফোন উদ্ধারের পাশাপাশি মালিকানাবিহীন ব্যাগেজ থেকে আরও এক হাজারের বেশি কার্টুন সিগারেট উদ্ধারের এই ঘটনাকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।