প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ১১:৪৮ এএম (ভিজিট : ০)

গত জুলাই মাসে দেশে ৪৪১টি সড়ক দুর্ঘটনায় ৪১৮ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৫৩৯ জন। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমানের স্বাক্ষরিত সড়ক দুর্ঘটনা-সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গত মঙ্গলবার (১১ আগস্ট) স্বাক্ষরিত প্রতিবেদনটি বুধবার (১২ আগস্ট) অনলাইনে প্রকাশ করা হয়। বিআরটিএ জানায়, তাদের বিভাগীয় অফিসগুলোর মাধ্যমে সারাদেশের সড়ক দুর্ঘটনার তথ্য সংগ্রহ করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, বিভাগভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে চট্টগ্রাম বিভাগে। সেখানে ১২৬টি দুর্ঘটনায় ১০৬ জন নিহত এবং ১৪৬ জন আহত হয়েছেন। আর ঢাকা বিভাগে ১০৪টি দুর্ঘটনায় ১০১ জন নিহত ও ১২২ জন আহত হয়েছেন।
এ ছাড়া রাজশাহী বিভাগে ৫৬টি দুর্ঘটনায় ৫৭ জন নিহত ও ৪২ জন আহত হয়েছেন। খুলনা বিভাগে ৪২টি দুর্ঘটনায় ৩৯ জন নিহত ও ৮৬ জন আহত হয়েছেন। বরিশাল বিভাগে ২১টি দুর্ঘটনায় ১৬ জন নিহত ও ৫৩ জন আহত হয়েছেন। সিলেট বিভাগে ১৭টি দুর্ঘটনায় ১৬ জন নিহত ও ৫৩ জন আহত হয়েছেন। রংপুর বিভাগে ৫০টি দুর্ঘটনায় ৫৪ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন এবং ময়মনসিংহ বিভাগে ২৫টি দুর্ঘটনায় ২৯ জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন।
জুলাই মাসের দুর্ঘটনাগুলোতে মোট ৬৭৩টি যানবাহন জড়িত ছিল। এর মধ্যে ছিল মোটরকার বা জিপ ১৮টি, বাস বা মিনিবাস ১০৬টি, ট্রাক বা কাভার্ডভ্যান ১৪২টি, পিকআপ ৩৫টি, মাইক্রোবাস ৮টি, অ্যাম্বুলেন্স ৫টি, মোটরসাইকেল ১২৪টি, ভ্যান ২০টি, ট্রাক্টর ৮টি, ইজিবাইক ২১টি, ব্যাটারিচালিত রিকশা ২৮টি, সিএনজি অটো রিকশা ৫৭টি এবং ১০১টি অন্যান্য যানবাহন।
যানবাহনভিত্তিক নিহতের হিসাবে মোটরসাইকেল দুর্ঘটনায় সবচেয়ে বেশি ১০৯ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া মোটরকার দুর্ঘটনায় বা জিপ ৮ জন, বাস বা মিনিবাস দুর্ঘটনায় ৪৫ জন, ট্রাক বা কাভার্ডভ্যান দুর্ঘটনায় ৫৬ জন, পিকআপ দুর্ঘটনায় ১৬ জন, মাইক্রোবাস দুর্ঘটনায় ৫ জন, অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় ৩ জন, ভ্যান দুর্ঘটনায় ১২ জন, ট্রাক্টর দুর্ঘটনায় ৪ জন, ইজিবাইক দুর্ঘটনায় ১৫ জন, ব্যাটারিচালিত রিকশা দুর্ঘটনায় ১৪ জন, অটোরিকশা দুর্ঘটনায় ৪০ জন ও অন্যান্য যান দুর্ঘটনায় ৯১ জন নিহত হয়েছেন। সব মিলিয়ে জুন মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪১৮ জন।
ডেল্টা টাইমস/সিআর/এমই