বিতর্কিত দ্বীপ সফরে গেলেন পুতিন
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৪:৩১ পিএম (ভিজিট : ০)

সংগৃহীত ছবি
রাশিয়ার দূরপ্রাচ্য সফরের অংশ হিসেবে বিতর্কিত কুরিল দ্বীপপুঞ্জের ইতুরুপ দ্বীপ পরিদর্শন করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) তিনি দ্বীপটির একটি মাছ প্রক্রিয়াজাতকরণ কমপ্লেক্স, স্থানীয় হাসপাতাল ও একটি স্কুল পরিদর্শন করেন। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে ক্রেমলিনের প্রেস সার্ভিসের বরাত দেওয়া হয়েছে। তাতে জানানো হয়, সফরে পুতিনের সঙ্গে ছিলেন সাখালিন অঞ্চলের গভর্নর ভ্যালেরি লিমারেঙ্কো। পরে লিমারেঙ্কোর সঙ্গে বৈঠকও করেন রুশ প্রেসিডেন্ট।
ইতুরুপ কুরিল দ্বীপপুঞ্জের চারটি দ্বীপের একটি, যেগুলোর মালিকানা নিয়ে রাশিয়া ও জাপানের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। জাপান এসব দ্বীপকে ‘নর্দার্ন টেরিটোরিজ’ বা ‘উত্তরাঞ্চলীয় ভূখণ্ড’ হিসেবে দাবি করে। অন্য তিনটি বিতর্কিত দ্বীপ হলো কুনাশির, শিকোতান ও হাবোমাই দ্বীপপুঞ্জ
রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে, কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের এটি প্রথম ব্যক্তিগত সফর। দ্বীপগুলো রাশিয়ার প্রশাসনের অধীনে রয়েছে এবং জাপানের উত্তরের দ্বীপ হোক্কাইডোর কাছে অবস্থিত।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই এই ভূখণ্ড নিয়ে বিরোধের কারণে রাশিয়া ও জাপানের মধ্যে আনুষ্ঠানিক শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়নি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে জাপানের মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের পর দুই দেশের সম্পর্ক আরও উত্তপ্ত হয়েছে।
এর একদিন আগে পুতিন সাখালিন দ্বীপ সফর করেন। একই সময়ে সেখানে রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের সামরিক মহড়া চলছিল।
ডেল্টা টাইমস/ আরএফ