প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৪:১৩ পিএম (ভিজিট : ০)

অভিনেত্রী সোহানা সাবা
দীর্ঘদিন একমাত্র সন্তানকে ঘিরেই জীবন কাটিয়েছেন অভিনেত্রী সোহানা সাবা। ব্যক্তিগত জীবনের নানা উত্থান-পতনের পর এবার নতুন করে সংসার গুছিয়েছেন তিনি। সাড়ে পাঁচ বছরের প্রেমের সম্পর্কের পর প্রায় দেড় বছর আগে বিয়ে করেছেন এই অভিনেত্রী।
সোহানা সাবার বর্তমান স্বামীর নাম ফয়সাল। পেশায় তিনি একজন ব্যবসায়ী। তবে বিয়ের দিন-তারিখ প্রকাশ করতে চাননি অভিনেত্রী।
গণমাধ্যমকে সোহানা সাবা বলেন, ‘আমার স্বামী, আমরা ভালো আছি। সাড়ে পাঁচ বছরের সম্পর্ক। বিয়ে অনেক আগে হয়েছে। দিন-তারিখ বলতে চাই না। আমার ছেলে অনেক খুশি।’
ফয়সালের সঙ্গে সম্পর্কের শুরু প্রসঙ্গে সাবা বলেন, প্রথম দেখাতেই তার মনে হয়েছিল, এই মানুষটির জন্যই হয়তো এত দিন অপেক্ষা করেছেন। তবে বিষয়টি তিনি কাউকে বুঝতে দেননি। পরে ফয়সাল নিজেই তাকে ভালোবাসার কথা জানান। এরপরই তার প্রস্তাবে সাড়া দেন সাবা।
এর আগে নির্মাতা ও অভিনেতা মুরাদ পারভেজের সঙ্গে সংসার করেছিলেন সোহানা সাবা। দীর্ঘদিনের সেই দাম্পত্য জীবনে তাদের একটি সন্তান রয়েছে। ২০১৫ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর একমাত্র সন্তানকে নিয়ে নিজের মতো করে জীবন এগিয়ে নেন তিনি।
টেলিভিশন নাটকের মাধ্যমে অভিনয়জীবন শুরু করা সোহানা সাবা পরবর্তী সময়ে বড় পর্দায়ও পরিচিতি পান। কবরী পরিচালিত ‘আয়না’ সিনেমার শুটিংয়ের মাধ্যমে বড় পর্দায় তার যাত্রা শুরু হলেও মুক্তির দিক থেকে মোরশেদুল ইসলামের ‘খেলাঘর’ ছিল তার প্রথম সিনেমা। এরপর ‘চন্দ্রগ্রহণ’, ‘প্রিয়তমেষু’, ‘বৃহন্নলা’ ও ‘অসম্ভব’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। ভারতের ‘ষড়্রিপু’ ও ‘এপার–ওপার’ সিনেমাতেও কাজ করেছেন এই অভিনেত্রী। এছাড়া আফজাল হোসেন পরিচালিত ‘মানিকের লাল কাঁকড়া’ সিনেমায়ও দেখা গেছে তাকে।
ডেল্টা টাইমস/ আরএফ