হিলিতে স্বপ্নের ফোরলেন সড়কের উদ্বোধন, ছয় মাসেই বদলে যাবে বাণিজ্যচিত্র
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৬:৫৮ পিএম আপডেট: ০৯.০৮.২০২৬ ৬:৫৯ পিএম (ভিজিট : ১)

ছবি: ডেল্টা টাইমস
দিনাজপুরের হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানির প্রধান সড়ক ফোরলেনে উন্নীতকরণ কাজের উদ্বোধন করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ। রোববার বিকেল ৪টায় চারমাথা মোড়ে ফলক উন্মোচনের মাধ্যমে তিনি এ কাজের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, দিনাজপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামান, উপ-বিভাগীয় প্রকৌশলী আমানউল্লাহ আমান, উপ-সহকারী প্রকৌশলী তাওহীদ উর রহমান, ইউএনও জর্জ মিত্র চাকমা, ওসি জাকির হোসেন, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সিনিয়র সহ-সভাপতি শাহীনুর ইসলাম শাহিন এবং সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী।
উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী বলেন, হিলি জিরো পয়েন্ট থেকে স্থলবন্দর গেট এবং চারমাথা মোড় থেকে জয়পুরহাট সড়কের মডেল মসজিদ পর্যন্ত সড়কের বেহাল দশার কারণে দীর্ঘদিন ধরে ভোগান্তি ছিল। এর প্রভাব পড়েছে বন্দরের ব্যবসা-বাণিজ্যেও। এই অংশ ফোরলেনে উন্নীত করা ব্যবসায়ী ও স্থানীয়দের দীর্ঘদিনের চাওয়া ছিল। তাদের কাঙ্ক্ষিত স্বপ্ন এখন বাস্তবায়িত হতে যাচ্ছে। আগামী ৬ মাসের মধ্যে এই কাজ শেষ হলে এই বন্দরের ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ ঘটবে, ফলে এখানকার মানুষের জীবনমানের ব্যাপক উন্নয়ন হবে।
দিনাজপুর সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আমানউল্লাহ দৈনিক ডেল্টা টাইমসকে জানান, হিলি জিরো পয়েন্ট থেকে বন্দরের ৪ নং গেট এবং হিলি চারমাথা থেকে জয়পুরহাট সড়কের মডেল মসজিদ পর্যন্ত মোট ২ কিলোমিটার সড়ক ফোরলেনে উন্নীতকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। এতে নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৫০ কোটি টাকা।
ডেল্টা টাইমস/তাছির উদ্দিন বাপ্পি/ আরএফ