বগুড়ায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে অপর একটি ট্রাকের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
রোববার (৯ আগস্ট) সকাল ৮টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ছিলিমপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজ শুরু করেন। উদ্ধারকাজ চলমান থাকায় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া মহানগরীর ছিলিমপুর এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির সামনে ফ্লাইওভারে ঢাকাগামী একটি ট্রাক বিকল হয়ে যায়। রোববার সকাল ৮টার দিকে ঢাকাগামী আরেকটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। বিকট শব্দে আশপাশের লোকজন ছুটে আসেন। এতে ধাক্কা দেওয়া ট্রাকের কেবিন দুমড়ে-মুচড়ে গিয়ে তিনজন নিহত ও অন্তত দু’জন আহত হয়েছেন। আহতদের একজন সেখানে আটকা পড়েছেন। পরে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে দুর্ঘটনা কবলিত দুটি ট্রাক মহাসড়কের ওপর পড়ে থাকায় দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যান চলাচল স্বাভাবিক করতে দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি সরিয়ে নেওয়ার চেষ্টা চালায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
ওসি হাফিজুর রহমান জানান, ফ্লাইওভারে যান চলাচল বন্ধ আছে। যানবাহনগুলো সার্ভিস লেনে যাতায়াত করছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।
ডেল্টা টাইমস/সিআর/এমই