নাফের মোহনায় আরাকান আর্মির হানা, ট্রলারসহ ৩ জেলে অপহৃত
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৮:১৭ পিএম (ভিজিট : ২)

সংগৃহীত ছবি
কক্সবাজারের টেকনাফে নাফ নদী ও বঙ্গোপসাগরের সঙ্গমস্থল থেকে ট্রলারসহ তিন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নাইক্ষ্যংদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নাফ নদী ও সাগরে মাছ ধরতে যাওয়া স্থানীয় জেলেদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
অপহৃত জেলেরা হলেন, টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া এলাকার লেডা মিয়ার ছেলে জসিম উদ্দিন (৩০) ও মমতাজ মিয়ার ছেলে মোহাম্মদ ইসমাইল (২৭)। তাদের সঙ্গে থাকা নাম-পরিচয়হীন এক কিশোরকেও ধরে নিয়ে গেছে সশস্ত্র গোষ্ঠীটি।
স্থানীয় সূত্র জানায়, শনিবার সকালে মাছ ধরার উদ্দেশ্যে একটি ট্রলারে করে নাফ নদীতে যান ওই তিনজন। বেলা সাড়ে ১১টার দিকে নাফ নদী ও বঙ্গোপসাগরের সঙ্গমস্থল নাইক্ষ্যংদিয়া এলাকায় পৌঁছালে আরাকান আর্মির সদস্যরা স্পিডবোটে এসে অস্ত্রের মুখে তাদের আটক করে। পরে ট্রলারসহ তাদের মিয়ানমারের দিকে নিয়ে যাওয়া হয়।
শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া নৌঘাট কমিটির সভাপতি আব্দুল গণি জানান, নাফ নদী ও বঙ্গোপসাগরে মাছ শিকার এখন স্থানীয় জেলেদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তার ভাষ্য, ‘আরাকান আর্মির সদস্যরা সুযোগ পেলেই স্পিডবোটে এসে অস্ত্রের মুখে জেলেদের ধরে নিয়ে যাচ্ছে। এ কারণে জেলেদের মধ্যে সবসময় আতঙ্ক কাজ করছে।’
তিনি আরও জানান, এর আগেও একই এলাকা থেকে বিভিন্ন সময়ে অন্তত ২০ থেকে ২৫ জন জেলেকে ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান জানান, তিন জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি তিনি শুনেছেন। বিষয়টি খতিয়ে দেখে স্থানীয় প্রশাসনকে অবহিত করা হচ্ছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী বলেন, ‘তিনজন জেলেকে আরাকান আর্মি ধরে নিয়ে যাওয়ার খবর পেয়েছি। বিষয়টি নিয়ে বিজিবির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তাদের ফেরত আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’
ডেল্টা টাইমস/ আরএফ