স্ত্রীর সঙ্গে মাটির ঘরের খাটে বসে মুড়ি খাচ্ছিলেন পটুয়াখালীর গলাচিপার স্থানীয় বিএনপি নেতা জাকির হোসেন মৃধা। হঠাৎ একটি ছোট সাপ এসে তার পায়ে কামড় দিয়ে পালিয়ে যায়। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি। উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।শনিবার (৮ আগস্ট) সকালে পটুয়াখালীর গলাচিপা সদর ইউনিয়নের কালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন মৃধা গলাচিপা সদর ইউনিয়নের কালিকাপুর গ্রামের ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে স্ত্রীকে নিয়ে ঘরের খাটে বসেছিলেন জাকির হোসেন। এ সময় দুজন মিলে মুড়ি খাচ্ছিলেন। খাটে বসে পা দুলানোর একপর্যায়ে হঠাৎ একটি ছোট সাপ এসে তার পায়ে কামড় দেয়। পরে সাপটি দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।
সাপের কামড়ের পরপরই স্বজন ও স্থানীয়রা তাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার উচ্চ রক্তচাপ ও তীব্র শ্বাসকষ্ট দেখা দেয়। দ্রুত তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।
গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন বলেন, ‘হাসপাতালে আনার পর জাকির হোসেনের উচ্চ রক্তচাপ ও তীব্র শ্বাসকষ্ট দেখা দেয়। তার অবস্থা গুরুতর হওয়ায় আইসিইউ সুবিধাসম্পন্ন হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।’
পরে উন্নত চিকিৎসার জন্য তাকে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
ডেল্টা টাইমস/ আরএফ