বেড়েই চলছে হামের আতঙ্ক, ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ৯৯
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৫:২১ পিএম (ভিজিট : ০)

সংগৃহীত ছবি
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে দুজন এবং হামের উপসর্গ নিয়ে আরও দুজন মারা গেছেন। একই সময়ে নতুন করে ৬৭৭ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে আরও ৯৯ জন।
শনিবার (৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৮ আগস্ট পর্যন্ত সারা দেশে এক লাখ ৩৫ হাজার ৩৩২ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৪০ জনে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও অনেকে। গত ১৫ মার্চ থেকে ৮ আগস্ট পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ১৭ হাজার ৪৪৪ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ১৩ হাজার ২০০ জন।
মৃত্যুর হিসাবেও উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে ৮ আগস্ট পর্যন্ত এ ধরনের উপসর্গ নিয়ে মোট ৭৬৯ জন শিশুর মৃত্যু হয়েছে।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে দুজনের মৃত্যু হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে ৮ আগস্ট পর্যন্ত দেশে নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৮ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের এ পরিসংখ্যান অনুযায়ী, দেশে হাম পরিস্থিতি এখনও উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। বিশেষ করে শিশুদের মধ্যে হামের উপসর্গ ও মৃত্যুর সংখ্যা পরিস্থিতির ভয়াবহতার দিকটি তুলে ধরছে।
ডেল্টা টাইমস/ আরএফ