প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৪:৪৮ পিএম (ভিজিট : ৪২)

সংগৃহীত ছবি
যান্ত্রিক ত্রুটির সমাধান শেষে ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) আজ বিকেল থেকে গ্যাস সরবরাহ শুরু করবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি জানান, আগামী দুই-তিন দিনের মধ্যে গ্যাসের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, এফএসআরইউ মেরামতকাজ আজ বিকেলের মধ্যে শেষ হবে এবং তখন থেকেই গ্যাস সঞ্চালন আবার শুরু হবে। তিনি বলেন, "সঞ্চালন শুরু হলে ধীরে ধীরে যেখানে চাপ (প্রেসার) কমে গেছে, তা উন্নত হবে এবং আমরা যে সমস্যায় পড়েছি, তা কাটিয়ে উঠতে পারব।"
গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হতে কত দিন লাগবে—জানতে চাইলে তিনি বলেন, "স্বাভাবিক হতে ন্যূনতম দুই-তিন দিন লাগবে। এফএসআরইউ বন্ধ হওয়ার আগে যেমন ছিল, তেমনই হয়ে যাবে।"
গ্যাস সংকটের কারণে বিভিন্ন এলাকায় ব্যাপক লোডশেডিং হচ্ছে কি না—এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, "স্বাভাবিকভাবে গ্যাস না থাকলে মানুষও পাবে না, বিদ্যুৎকেন্দ্রও পাবে না। এখন যেসব বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে গেছে, সেগুলো আবার চালু করা হবে।"
সাংবাদিকদের এক প্রশ্নে বলা হয়, মন্ত্রণালয়ের অনেক কাজের প্রশংসা হলেও বিদ্যুৎ ও গ্যাস নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। এ বিষয়ে সিরিয়াসলি কী ভাবছেন—জানতে চাইলে ইকবাল হাসান মাহমুদ বলেন, "যা হয়েছে, তা কি মানুষের হাতে ছিল?"
বিদ্যুতের "ভুতুড়ে বিল" নিয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, "আমরা যখন বলি বিলগুলো নিয়ে আসুন, তখন কেউ আমাদের কাছে বিল নিয়ে আসেন না।"
তিনি আরও বলেন, "জুন মাস থেকে আমরা বিদ্যুতের দাম বাড়িয়েছি। দ্বিতীয়ত, মার্চ মাসে যে গরম ছিল, জুন মাসে সে গরম ছিল না। সম্প্রতি একজন সাংবাদিক ফেসবুকে জানিয়েছিলেন যে তাঁর বিল সাড়ে তিন হাজার টাকা থেকে বেড়ে সাত হাজার টাকা হয়ে গেছে। আমার লোক গিয়ে পরীক্ষা করে দেখেছে, তিনি দুটি এসি চালান, ফ্রিজ আছে, ব্লেন্ডারও চালান। এত কিছু চালানোর পরও সাত হাজার টাকা বিল বেশি মনে হলে, আমার মনে হয় না পৃথিবীর কোথাও এত কিছু চালিয়ে এত কম বিলে চলা সম্ভব।"
ভারতের হাইকমিশনারের সঙ্গে বৈঠকে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে কি না—জানতে চাইলে মন্ত্রী বলেন, "ভারতের হাইকমিশনারের সঙ্গে এটি ছিল একটি রুটিন বৈঠক। যেহেতু ভারত আমাদের প্রতিবেশী দেশ এবং উভয় দেশের অনেক অভিন্ন স্বার্থ জড়িত, তাই সেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে।"
আগের মতো ভারতের কাছে ডিজেল চাওয়া হয়েছে কি না—এ প্রশ্নে ইকবাল হাসান মাহমুদ বলেন, "ভারতের সঙ্গে একটি পাইপলাইন রয়েছে, যেখান থেকে ডিজেল আসে। তাদের আরও বেশি ডিজেল দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।"
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে কোনো আলোচনা হয়েছে কি না—জানতে চাইলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বলেন, "আমি শেখ হাসিনা সম্পর্কে কিছু বলতে চাই না। তিনি দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছেন।"