অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি নুরুল ইসলাম সজলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে উপজেলা জামায়াতের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট রাতে গাজীপুর ইউনিয়নের পার্শ্ববর্তী গজারিপাড় এলাকায় এক গৃহবধূর সঙ্গে অনৈতিক অবস্থায় জামায়াত নেতা সজলকে আটক করেন ওই গৃহবধূর স্বামী। বিষয়টি জানাজানি হলে চুনারুঘাট উপজেলা ও স্থানীয় জামায়াত নেতারা তদন্ত করে অভিযোগের সত্যতা পান। দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষার্থে পরে তাঁকে সভাপতির পদসহ সব সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট উপজেলা জামায়াতের আমির মো. ইদ্রিস আলী বলেন, নুরুল ইসলাম সজলের বিরুদ্ধে ওঠা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগের সত্যতা পাওয়া গেছে, যার ভিত্তিতে স্থানীয় নেতৃবৃন্দের সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
তিনি আরও জানান, গাজীপুর ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক কার্যক্রম সচল রাখতে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মাওলানা মো. আব্দুল মতিনকে।