হবিগঞ্জে এনসিপি-ছাত্রদল সংঘর্ষ, পাটওয়ারী-সারজিস ব্যাংকে অবরুদ্ধ
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৮:০১ পিএম (ভিজিট : ৮)

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে দলটির নেতাকর্মীদের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষ হয়েছে। একপর্যায়ে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমকে সোনালী ব্যাংকে অবরুদ্ধ করে রাখা হয়।
মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় শহরের থানার মোড় এলাকায় এই সংঘর্ষ হয়। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
এনসিপি জেলা শাখার আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল জানান, সন্ধ্যায় সমাবেশ শেষে কেন্দ্রীয় নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমকে নিয়ে সার্কিট হাউজে যাচ্ছিলেন তারা। এ সময় থানার মোড় এলাকায় ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালান।
তবে জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন বলেন, শান্তিপূর্ণ হবিগঞ্জ শহরে কেউ এসে অশালীন বক্তব্য দিয়ে শহরকে অস্থিতিশীল করার চেষ্টা করলে তার দায়ভার তাকেই বহন করতে হবে, অন্য কেউ এর দায় নেবে না।
তিনি আরও বলেন, ‘আজ একটি অপ্রীতিকর ঘটনার খবর শুনেছি। এর সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের কোনো সম্পর্ক নেই। শুনেছি, কোনো অশালীন বক্তব্যকে কেন্দ্র করে বিক্ষুব্ধ মানুষ ধাওয়া দিয়েছে।’
তবে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হকের বক্তব্য পাওয়া যায়নি।