প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৩:৪৫ পিএম (ভিজিট : ৬)

উপসাগরীয় দুই দেশ বাহরাইন ও কুয়েত চলতি মাসের শুরুতে নীরবে যুদ্ধবিমান মোতায়েন করে ইরানের অভ্যন্তরে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।
শুক্রবার (২৪ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে সংশ্লিষ্ট সূত্রের বরাতে বিষয়টি জানানো হয়। খবর মিডল ইস্ট মনিটরের।
প্রতিবেদন অনুযায়ী, হামলায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র সংরক্ষণের জন্য ব্যবহৃত স্থাপনাসহ ইরানের আরও কয়েকটি সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু ছিল। তেহরানের বিরুদ্ধে এটিই বাহরাইন ও কুয়েতের প্রথম প্রত্যক্ষ সামরিক হামলা বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
এতে আরও বলা হয়, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সম্ভাব্য লক্ষ্যবস্তু সম্পর্কে গোয়েন্দা তথ্য সরবরাহ এবং প্রতিরক্ষামূলক আকাশ সহায়তা দিয়ে এই অভিযানে ভূমিকা রেখেছে। এতে ইরান মোকাবিলায় আরব দেশগুলোর মধ্যে সমন্বয় বাড়ার ইঙ্গিতও মিলছে।
গত কয়েক সপ্তাহ ধরে ইরান তার পাল্টা হামলার বড় অংশ পরিচালনা করেছে বাহরাইন ও কুয়েতকে লক্ষ্য করে—দেশ দুটিতে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি থাকার কারণে। প্রতিবেদনে বলা হয়েছে, বাহরাইন ও কুয়েতের বিমানবাহিনী তুলনামূলকভাবে ছোট এবং যুক্তরাষ্ট্র-ইউরোপে তৈরি যুদ্ধবিমানের ওপর নির্ভরশীল হলেও তারা ইরানের হামলার জবাব না দিয়ে বসে থাকতে রাজি ছিল না।
গত দুই সপ্তাহে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়ে যায়, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৮ জুলাই ঘোষণা করেন যে ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ অনুযায়ী কার্যকর যুদ্ধবিরতি আর বহাল নেই। এরপর থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে—ওয়াশিংটন ইরানের অভ্যন্তরের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে বলে জানা গেছে, অন্যদিকে তেহরানের দাবি, তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা ও সরঞ্জাম লক্ষ্য করে হামলা চালিয়েছে।
তবে বাহরাইন ও কুয়েতের কথিত হামলার বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা নিশ্চিতকরণ পাওয়া যায়নি।